দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৫ জন সন্দেহজনক এবং ৯৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ৯ জুন সকাল ৮টা থেকে আজ ১০ জুন সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশের সার্বিক হাম পরিস্থিতি তুলে ধরা হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের সকলেই সন্দেহজনক হামের রোগী ছিলেন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৯ জনে।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৫৪৭ এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন। সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে ঢাকা বিভাগে এবং জেলা হিসেবেও ঢাকা জেলাতেই মৃত্যুর হার সবচেয়ে বেশি।
বিভাগভিত্তিক উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, সংক্রমণের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক রোগী ৪২১ জন, নিশ্চিত রোগী ৬৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫২ জন। এই বিভাগে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ৩৮ হাজার ২১৯ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৪৫ জন।
অপরদিকে, এ পর্যন্ত ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ জনে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন ৯৪ জন।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৬৩ হাজার ১৪৫ জন।


