বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপির ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পাটওয়ারী বলেন, ‘এক-দুদিন আগে সরকার খুনিদের সঙ্গে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।’
এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদ্রাসায় জুমার নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সঙ্গে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে ২০০ নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘একটি নির্বাচিত সরকারের যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকার চার মাসে এত প্রতারণা করেনি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম ও জেলার আহ্বায়ক মাহবুব আলম।
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমাদুল ইসলাম।


