সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম সনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৭৪ জনের।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৭৭ শিশুর মৃত্যু হয়েছে ও নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৭৮ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ৯৬ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে ও মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ৭৫ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।


