নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্যামল তিগ্গা মোটরসাইকেলযোগে আঞ্চলিক সড়কের পার্শ্ব রাস্তা থেকে মূল সড়কে উঠছিলেন। সে সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


