রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) যাবে বিএনপির একটি প্রতিনিধিদল।
প্রতিনিধি দলটির বৃহস্পতিবার দুপুর দেড়টায় নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে আগে দলটি নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করতে পারে বলে জানা গেছে। এনিয়ে দুপুরের দিকে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হবে বিকাল ৪টায়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে ১৬ আগস্ট সকাল ১০টায় এবং শেষ না হওয়া পর্যন্ত চলবে। প্রার্থীরা ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত সিইসির কার্যালয় থেকে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
৯ আগস্ট বিএনপির চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর পরদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের জন্য একটি মনোনয়নপত্র সংগ্রহ করে।


