দেশে হাম পরিস্থিতির উদ্বেগজনক অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৮৭ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং এই সময়ে মৃত্যুবরণ করেছেন ১১ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৫৮ জন সন্দেহজনক এবং ২২৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে।
এই এক দিনে মারা যাওয়া ১১ জনই ছিলেন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী, তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেড় মাসের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৩০ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে এবং এর মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৬০ জন। এই সময়ে সর্বমোট ২০৯ জন সন্দেহজনক এবং ৪২ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ঢাকা বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই ৫৬২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৮ জন। মৃত্যুর পরিসংখ্যানেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে, যেখানে গত এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিভাগের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক, সেখানে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ১৩৩ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে একজন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২০ হাজার ৪৭৫ জন সন্দেহজনক হাম রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১৭ হাজার ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭০ জন হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৪ জন।
বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে।


