যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই বলে জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি একথা জানান।
তবে নাহিদার মরদেহ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এক পোস্টে লিখেছেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এর আগে একই সময়ে নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার ট্যাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়। তিনি জামিলের রুমমেট।
সিএনএনের খবরে বলা হয়েছে, নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত সপ্তাহ থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, ২৭ বছর বয়সী লিমন ও বৃষ্টিকে সর্বশেষ দেখা যায় ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে। ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু তাদের নিখোঁজের খবর দেন। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ।
জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে বৃষ্টি সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।


