সৌম্য সরকার, ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোরার। তবুও পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কোনোটিতেই জায়গা হয়নি এই বাঁহাতি ওপেনারের। তার বদলে সাইফ হাসানের সাথে সুযোগ দেয়া হয় তানজিদ হাসান তামিমকে। যে জুটিকে বেশ সফলই বলা চলে, কারণ সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ১০৫ রানে জুটি গড়ে দলকে লড়াইয়ের রসদ এনে দিয়েছিলেন তারা। সেই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সাইফ-তানজিদের ওপর ভরসা রাখতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এর আগে বুধবার, মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ফিল সিমন্সের কাছে জানতে চাওয়া হয়, কেমন হবে ওপেনিং জুটি? কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কি?
বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমার মনে হয় ওপেনিং জুটি সেট আছে। কারণ শেষ ম্যাচে ভালো একটা জুটি হয়েছিল। এরপর প্রস্তুতি ম্যাচেও সাইফ ভালো করেছে। আমরা যেভাবে চাই সেভাবেই পারফর্ম করেছে। তো সব মিলিয়ে আমরা আপাতত ওপেনিং জুটি নিয়ে সেটই আছি।’
সৌম্য, এক সিরিজ আগের সর্বোচ্চ রানের মালিক হয়েও সাইডবেঞ্চে বসে কাটিয়েছেন পাকিস্তান সিরিজ। তাকে ফেরানোর প্রশ্নে অবশ্য খুব ইতিবাচক কিছু বলেননি সিমন্স। তিনি বলেন, ‘সৌম্যকে নিয়ে আমার ভাবনা একই আছে, দারুণ এক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছে, সেটা সত্যি। তবে আমাদের তো একজনকে বেছে নিতেই হতো। দেখুন, সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর থেকে সৌম্য কিন্তু খুব বেশি ম্যাচ খেলেনি, বিপিএল, বিসিএল ওয়ানডেতেও বেশ কিছু ম্যাচ মিস করেছে। তো আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হত এবং বাকিরা ওর চেয়ে ভালো করেছে।’
অবশ্য সৌম্যর জন্য সেরা একাদশের দরজা বন্ধ নয়, সেটাও মনে করিয়ে দিলেন সিমন্স। এই ক্যারিবিয়ান কোচ বলেন, ‘সৌম্যকে আরো ভালো করতে হবে সেরা একাদশে ফিরতে।’


