বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করায় বাংলাদেশের জনগণকে এবং বিপুল ভোটে জয় পাওয়ায় বিএনপিকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মমতা বলেন, ‘আমার আন্তরিক অভিনন্দন ও শুভনন্দন বাংলাদেশের সব ভাই-বোন এবং দেশের সব মানুষের প্রতি।’
‘এই মহান বিজয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং সব রাজনৈতিক দলকে অভিনন্দন। আপনারা সবাই ভালো ও সুখে থাকুন—এই কামনা করি’, যোগ করেন তিনি।

সেই সঙ্গে বাংলাদেশের সবাইকে রমজান উপলক্ষে আগাম শুভেচ্ছা জানান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক অটুট থাকার প্রত্যাশাও জানান তিনি।
এর আগে, তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


