রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করে একথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে, আমাদের জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ।’
পাট দিবস উপলক্ষে ১২টি ক্যাটাগরিতে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি।
২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’।
দিনটি উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সারাদেশে নানান কর্মসূচি এবং রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার, ফেস্টুন দেখা গেছে।


