নেইমারকে ফিরে পাওয়ার অপেক্ষা আরও বাড়ল ব্রাজিলের। বিশ্বকাপের গ্রুপ পর্বে দলের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও মাঠে নামতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড। পায়ের মাংসপেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার।
ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দলের সঙ্গে ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়াতে যাবেন না ৩৪ বছর বয়সী এই তারকা। রিহ্যাব প্রক্রিয়ার শেষ ধাপটির সর্বোচ্চ সদ্ব্যবহার করতে তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং সেখানকার দা রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের সুযোগ-সুবিধা ব্যবহার করবেন।
অবশ্য বুধবার আলাদাভাবে বুট পরে বল নিয়ে ওয়ার্ম-আপ করার পর নেইমারকে মূল দলের সঙ্গে কিছুটা অনুশীলন করতে দেখা গেছে। এর আগে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে তিনি কেবল ইনডোরেই গা ঘামাচ্ছিলেন। তবে তার মাঠে ফেরার ব্যাপারে কোনো তাড়াহুড়ো না করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ব্রাজিল দল।
গত মাসে নিজের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার, যা তার চোট জর্জর ক্যারিয়ারের নতুন সংযোজন। এই চোটের কারণে প্রায় তিন বছর ধরে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তাঁর।
মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৬টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা।
‘সি’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড শীর্ষে এবং ১ পয়েন্ট করে নিয়ে মরক্কো ও ব্রাজিল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আর তলানিতে থাকা হাইতি এখনো কোনো পয়েন্টের মুখ দেখেনি।


