ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাঁস প্রতীক চাইবেন বিএনপি থেকে বহিস্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভায় রুমিন ফারহানা সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
বিএনপি থেকে বহিস্কার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “নেত্রীর লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এলো। আমার ওপর যদি কোনো বেইনসাফি বা অন্যায় হয়ে থাকে, তবে তার বিচার আল্লাহর কাছে দিলাম।”
তিনি বলেন “আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব।”
রুমিন ফারহানা জানান, তিনি নির্বাচনী প্রতীক হিসেবে ‘হাঁস’ পছন্দ করেছেন। শৈশব থেকেই হাঁস তার প্রিয় এবং তার কর্মী-সমর্থকরাও এই প্রতীকটিই চাইছেন।
উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “১৯৭৩ সালে আমার বাবাকে পরাজিত করা হয়েছিল। সেই ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে। বর্তমানে আমার কোনো দল নেই, কিন্তু আপনারা আছেন। এবার ভোট গণনা শেষ করে ফলাফল নিয়েই আমরা বাড়ি ফিরব।”
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটগতভাবে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে রুমিন ফারহানা মনোনয়নপত্র দাখিল করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।


