বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি আশিস বিন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক মামলার এজাহারভুক্ত আসামি জাহেদুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার ধানমন্ডি থানায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠায়।
জানা গেছে, জাহেদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায়। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।
এর আগে, গত বছরের ৪ জুলাই রাতে চট্টগ্রাম নগরের চিটাগাং ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে জাহেদুল হকের উপস্থিতির খবরে অনুষ্ঠানস্থল ঘেরাও করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ স্থানীয় লোকজন। এক পর্যায়ে তিনি সেখান থেকে বের হন এবং পরদিনই দেশের বাইরে চলে যান। সম্প্রতি তিনি দেশে ফেরেন।
পুলিশ সূত্র জানায়, জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো ও জমি দখলের অভিযোগ রয়েছে।


