তিন নেতা ও হাদির কবর জিয়ারতে শুরু এনসিপির প্রচার

তিন নেতা ও হাদির কবর জিয়ারতে শুরু এনসিপির প্রচার
মিছিল নিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু করেছে এনসিপি। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

তিন ঐতিহাসিক নেতা ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ এনসিপির শীর্ষ নেতারা।

এরপর তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

তিন নেতার কবর জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

তিন নেতার মাজার জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলনসহ বাংলার মানুষের প্রতিটি ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে এই এলাকা গভীরভাবে জড়িত। সে কারণেই এনসিপি তাদের আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যক্রম শুরুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অর্থাৎ ঢাকা-৮ আসনকে বেছে নিয়েছে।

শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে স্বাধীন বাংলাদেশের রূপকার ও গণতন্ত্রের অন্যতম স্থপতি হিসেবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘শেরে বাংলা জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী দেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের স্মরণ করেই এনসিপির নির্বাচনী যাত্রা শুরু হয়েছে।’

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের হাজারও ‘শহীদ’ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সৈনিক শরিফ ওসমান হাদির আত্মত্যাগকে ধারণ করেই এবারের নির্বাচনকে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। এই নির্বাচনকে তিনি ‘আধিপত্যবাদবিরোধী ও স্বাধীনতার যাত্রা’ হিসেবে উল্লেখ করেন।

এনসিপির প্রচারে নাহিদ ইসলাম। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

দলের নির্বাচনী এজেন্ডা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির দুটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান। দ্বিতীয়ত, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা।’ নির্বাচনের আগেই চার্জশিটসহ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি।

এনসিপি নেতা আরও জানান, ঢাকা-৮ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ও ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। সারা দেশের মানুষকে শাপলা প্রতীক ও ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংসদে গিয়ে এনসিপি ও ঐক্যজোট সাধারণ মানুষের অধিকার, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেবে।’

‘এনসিপি যেকোনো মূল্যে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়’ জানিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতের দাবি জানান নাহিদ। নির্বাচনে কোনো বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়া হলে তার তাৎক্ষণিক প্রতিবাদ করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর