বলিউড নির্মাতা সঞ্জয়লীলা বানসালির আসন্ন চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’র শুটিং সেটে এক কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে পূর্ণাঙ্গ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার রয়্যাল পাম স্টুডিওতে সেট নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কাঠমিস্ত্রি চন্দ্রধারী যাদব। তিনি সিনেমাটির সেট নির্মাণ দলের সদস্য ছিলেন।
ঘটনার পর নিহতের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয় বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এতে সন্তুষ্ট নয় চলচ্চিত্রকর্মীদের সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে অ্যামপ্লয়িস।
সংগঠন দুটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের কাছে চিঠি দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং নিহতের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
এছাড়া অভিযোগ করা হয়েছে, চন্দ্রধারী যাদবকে নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, তিনি সকাল ৭টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। এ ঘটনার পর চলচ্চিত্র শিল্পে কর্মীদের নিরাপত্তা ও কাজের সময়সীমা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আগামী বছর মুক্তির লক্ষ্যে নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করছেন আলিয়া ভাট, রনবীর কাপুর ও ভিকি কৌশাল।


