নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশপন্থীদের ভূমিধস বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সবাইকে যার যার জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখান আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ভোটগ্রহণের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন তিনি, শিবিরের প্রতি পক্ষপাতমূলক আচরণ এবং ছাত্রদলের পোলিং এজেন্ট দেওয়া নিয়ে বিভিন্ন কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগও করেন।
বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বহিরাগতদের দেখেছেন অভিযোগ করে আবিদুল বলেন, ‘আমি আশ্চর্য হচ্ছি। কেউ বলছে যে আমি কুড়িগ্রাম থেকে এসেছি, কেউ বলছে আমি এই এলাকার নেতা। আমি দেখেছি জামায়াতের অনেক নেতা, কাসেম নামে একজন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারাদিন ঘুরে বেড়িয়েছে।’
নিরাপত্তা পাসের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের প্রবেশ করানো হয়েছে বলেও এসময় অভিযোগ করেন এই প্রার্থী।
আবিদুল বলেন, ‘আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস নির্মির্মানে প্রত্যয়ী। কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি একইভাবে ভোট গণণাতে ম্যানুপুলেট করার বিন্দুমাত্র চেষ্টা করা হয়। এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ণ বিশ্বাস করেন না, তারা যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দুমাত্র চেষ্টা করেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করবেন।’
নীলক্ষেত, কাঁটাবন, চানখাঁরপুলসহ আশপাশে দেশের বিভিন্ন স্থান থেকে আসা জামায়াত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ আবিদুরের। তিনি প্রশাসন ও রাষ্ট্রের কাছে এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে ক্যাম্পাসের আশপাশ মুক্ত করার আহ্বান জানান।


