সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালিয়ে জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন অঞ্চলকে দস্যুমুক্ত করার লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি স্লুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
সেখান থেকে জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা আজিবার গাজী, রবিউল গাজী ও ফারুক হোসেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সুন্দরবনকে নিরাপদ রাখতে কোস্ট গার্ডের এই দস্যু দমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


