চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে আহত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত জাকারিয়া হাসান জিলহান স্থানীয় সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি একটা ছেলের রগ কেটে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ থানায় ফোন করেনি, লিখিত অভিযোগও দেয়নি।’
ওসি আরও বলেন, ঘটনার পর আহতের স্বজনেরা তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় পুলিশের সঙ্গে কোনো পক্ষের যোগাযোগ হয়নি। ঘটনাস্থলে গিয়ে জায়গাজমি সংক্রান্ত বিরোধের কথাও শুনেছেন বলে জানান তিনি।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় প্রথমে জিলহানকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আহতের শরীরে গভীর ক্ষত ছিল। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাৎক্ষণিকভাবে সেলাই দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। পায়ের রগ কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত বা জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
ওসি মাহিনুল ইসলাম বলেন, ‘মানুষের মুখে নানা কথা শোনা যাচ্ছে। কেউ বলছে জমিজমা নিয়ে বিরোধ, আবার কেউ রাজনৈতিক বিষয় বলছে। ভুক্তভোগীর পক্ষ থেকে কেউ তথ্য দিলে বা আমরা সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে।’


