ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় সিলমোহর দেওয়া ২০৩টি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় আদালতের নির্দেশে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ।
তিনি জানান, সংক্ষিপ্ত বিচার আদালতের নির্দেশে শুক্রবার সহকারী মো. ইয়ামিন হোসাইন চাঁদপুর সদর মডেল থানায় এ মামলা করেন।
এর আগে, ১২ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগ, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা ও সিলমোহর দেওয়া ২০৩টি ব্যালট পেপার উদ্ধারের ঘটনা ঘটে।
মামলার নথি অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নির্বাচনী আসন-২৬২ (চাঁদপুর-৩) এর আওতাধীন দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে গোলযোগের সৃষ্টি হয়। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ পুলিশসহ বিকাল ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে সাক্ষীদের উপস্থিতিতে সিল দেওয়া ব্যালট পেপার জব্দ করা হয় এবং সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন বলেন, ‘এজাহারের ভিত্তিতে সদর মডেল থানায় মামলা করা হয়েছে এবং মামলাটির তদন্ত চলছে।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, ‘ঘটনার পর আমি নিজেও ওই কেন্দ্রে গিয়েছি। মামলাটি তদন্ত করার জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে।’


