বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের সহযোগিতায় একটি বৈষম্যহীন ও সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
মগবাজার ফ্লাইওভারে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি দোসররা এখনো সক্রিয়। তারা বর্তমানের এই গণতান্ত্রিক পরিবেশ ও আগামী নির্বাচনকে বানচাল করার জন্য নাশকতার পথ বেছে নিয়েছে। মগবাজারের হামলায় প্রাণহানি তারই প্রমাণ। কিন্তু আমরা সতর্ক আছি; তাদের এই অশুভ পরিকল্পনা কখনোই সফল হতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, যারা সহিংসতা ও অগণতান্ত্রিক উপায়ে দেশের অগ্রযাত্রা রুখতে চাইবে, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
তারেক রহমানের ফিরে আসাকে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে একটি ‘ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেন সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ আজ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত। মানুষ এখন একটি নতুন মুক্তির আবহে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের মাতৃভূমিতে ফিরে আসা মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।’
ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা কেবল ক্ষমতার পরিবর্তন চাই না, বরং দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের পর আমরা এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। জনগণের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত এবং একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য।’
সালাহউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের বিপুল জনসমর্থন নিয়েই বিএনপি আগামী দিনে দেশের মানুষের সকল প্রত্যাশা পূরণ করবে।


