আগামী নির্বাচনে বিএনপি সিলেট-৫(জকিগঞ্জ-কানাইঘাট) আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিলেও এখানে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মামুনুর রশিদ(চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির এক নম্বর সহসভাপতি।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য চাকসু মামুন এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতার কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমঝোতা অনুসারে সিলেট-৫ আসনে খেজুর গাছ প্রতীকে প্রার্থী হবেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
এই আসনে আগে থেকেই বিএনপির শক্তিশালী মনোনয়ন প্রার্থী হিসাবে মাঠে কাজ করে আসছিলেন চাকসু মামুন। তবে দুই দফার ঘোষনাতেও বিএনপি এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হলে আসনটি এই দলকে দেওয়ার বিষয়টি একরকম নিশ্চিত ছিল।
সিলেট-৫ আসনে বিএনপি কখনো জয়ী হতে পারেনি। বিগত ১৯৯১ সালের নির্বাচনে এই আসনে ইসলামী ঐক্যজোট থেকে বিজয়ী হন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা ওবায়দুল হক। পরের বার ১৯৯৬ সালে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী, দ্বিতীয় স্থানে ছিল জামায়াতে ইসলামী। ২০০১ সালে চারদলীয় জোটের প্রার্থী হিসাবে জয়ী হন জামায়াতে ইসলামীর মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।


