অ্যাপল টিভি প্লাসের থ্রিলার সিরিজ ‘সেভারেন্স’-এ অভিনয়ের জন্য ট্রামেল টিলম্যান প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে এমি অ্যাওয়ার্ড জিতেছেন সেরা সহ-অভিনেতার বিভাগে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ৪০ বছর বয়সী টিলম্যান রোববার পুরস্কার গ্রহণ করে তার এই প্রাপ্তি মাকে উৎসর্গ করেন। তিনি বলেন, ‘মা তখনও আমার পাশে ছিলে, যখন আর কেউ ছিল না।’
তিনি প্রয়াত আন্দ্রে ব্রগার ও মাইকেল কে. উইলিয়ামসের মতো শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানান। টিলম্যান বলেন, ‘তাদের কাজ আমাকে দীর্ঘদিন ধরে আকৃষ্ট করেছে, আমি তাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি। তাদের সেই সারিতে দাঁড়াতে পারাটাই আমার জন্য সম্মানের।’

এ বছর সর্বাধিক ২৭টি মনোনয়ন পাওয়া ‘সেভারেন্স’ মোট আটটি এমি জিতেছে। সিরিজটির জন্য ব্রিট লোয়ারও সেরা অভিনেত্রী হয়েছেন। অফিসকেন্দ্রিক গল্পে দেখানো হয়েছে এমন এক কর্মজীবনের অভিজ্ঞতা, যেখানে কর্মীদের স্মৃতি আলাদা হয়ে যায় ব্যক্তিগত ও পেশাগত জীবনে।
টিলম্যান সিরিজে সেথ মিলচিক চরিত্রে অভিনয় করেছেন, যিনি কোম্পানির ফ্লোর ম্যানেজার ও অন্যতম প্রধান প্রতিপক্ষ। তিনি বলেন, ‘এই চরিত্রে কৃষ্ণাঙ্গ হিসেবে আমার বর্ণের উপস্থিতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চরিত্রটিকে এমন একজন মানুষ হিসেবে উপস্থাপন করতে চেয়েছি, যিনি নিজের পরিচয় সম্পর্কে সচেতন।’
তিনি আরও যোগ করেন, ‘এখনো বর্ণ কীভাবে দুনিয়ায় মিশে আছে, তা অনুসন্ধান করা হয়েছে। আমি চাইনি সেটা হারিয়ে যাক, আর আমি কৃতজ্ঞ যে আমাদের টিমও সেটি গুরুত্ব দিয়েছে।’
ট্রামেল টিলম্যান মূলত চিকিৎসা বিজ্ঞানে প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু পরে অভিনয়ে আসেন। অবশ্য অনেকে বলেছিলেন, অভিনয় পেশা হিসেবে ‘এক কানা গলি’। টিলম্যান জানান, তখন তিনি ভেবেছেন, যদি জেভিয়ার ইউনিভার্সিটির তার সহপাঠীরা নিজেদের স্বপ্নকে পূরণের চেষ্টা করতে পারে, তাহলে তিনিও নিজের আবেগকে ধারণ করতে পারেন।


