ইতালিপ্রবাসী এক ব্যক্তি ফেসবুকে বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করায় নরসিংদীতে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে শায়েস্তা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল কর্মীর বিরুদ্ধে।
ওই প্রবাসী মো. মনির হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
সম্প্রতি মনির ইতালি থেকে বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেন। এর জের ধরে আমিরগঞ্জ ইউনিয়নের যুবদল কর্মী পাকির ইসলাম মনিরের গ্রামের বাড়িতে যান। সেখানে গিয়ে মনিরের বৃদ্ধ বাবা হারাধন মোল্লাকে শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাকির ইসলাম বৃদ্ধ হারাধনকে সতর্ক করে বলছেন, তার ছেলে যেন ফেসবুকে দেওয়া পোস্ট মুছে ফেলে। তা না হলে ছেলের অপরাধে বাবার বিচার করা হবে।
পাকির বলেন, ‘আপনের ছেলেরে কইবেন যদি খালি ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে কোনো কথা বলে, তারেক জিয়ার ব্যাপারে যদি কোনো কথা বলে আপনের ছেলে… আপনের বিচার করমু আপনের ছেলেরে দিয়া।’
ভিডিওতে জেলা যুবদলের এক শীর্ষ নেতার প্রসঙ্গ টেনে পাকির আরও বলেন, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুতের খাতিরে তিনি আপাতত মারধর করছেন না।
তবে ভিডিওর শেষ দিকে তিনি শনিবারের মধ্যে পোস্ট না সরালে বৃদ্ধ বাবার ওপর হামলার হুমকি দিয়ে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন।
তবে ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হলে যুবদল কর্মী পাকির পুনরায় হারাধন মোল্লার কাছে গিয়ে ক্ষমা চান ও দুঃখ প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ জানান, অভিযুক্ত পাকির যুবদলের কোনো পদে নেই। ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু, ঔদ্ধত্যপূর্ণ এবং সব সীমা লঙ্ঘন করেছে। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’
নিজের নাম ব্যবহারের বিষয়ে যুবদল নেতা বিদ্যুৎ আরও বলেন, কেউ চাইলেই যে কারও নাম ব্যবহার করতে পারে, যা দলীয় নীতিমালার পরিপন্থী।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত পাকির ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।


