ইরানিদের প্রতি সরকার উৎখাতের আহ্বান ট্রাম্পের
ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি সেই সব ইরানি দেশপ্রেমিকদের আহ্বান জানাচ্ছি, যারা দেশের স্বাধীনতা কামনা করেন….এই মুহূর্তটিকে কাজে লাগান, সাহসী হোন, দৃঢ় হোন, বীরত্ব দেখান এবং আপনাদের দেশ পুনরুদ্ধার করুন। যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে আছে।’
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির ৮০ জনের বেশি শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তাদের হত্যার পর এ আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
তেহরানের হাসপাতালে যৌথ হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানের একটি বেসরকারি হাসপাতালে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরানের বার্তা সংস্থা ইসলামিক নিউজ এজেন্সি (আইএসএনএ) জানিয়েছে, তেহরানের উত্তরের গান্ধী হাসপাতাল মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, এই হামলায় হাসপাতালে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
ফার্স নিউজ ও মিজান নিউজের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ভেতরে মেঝেতে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে এবং কয়েকটি খালি হুইলচেয়ার উল্টে পড়ে রয়েছে।
ইরানি কর্তৃপক্ষ এই হামলাকে ‘জায়নিস্ট-আমেরিকান আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইরানে আরব আমিরাতের দূতাবাস বন্ধ ঘোষণা

ইরানে দূতাবাস বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে রাষ্ট্রদূতসহ সব কূটনৈতিক সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটি।
আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে কেন্দ্র করে আরব আমিরাতের মাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কমকর্তা আফরা আল হামেলি এক্স পোস্টে বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইউএই-এর ভূখণ্ডে আক্রমণাত্মক হামলা হিসেবে আঘাত হেনেছে। এতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্যবস্ত করার দাবি হলেও বেসামরিক এলাকা, আবাসিক অঞ্চল, বিমানবন্দর, বন্দর ও সেবা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরস্ত্র নাগরিকদের বিপদে ফেলা হয়েছে।’
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার এই ধারা অব্যাহত থাকায় সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও নাগরিকদের জীবনের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।
ইরানের হামলার জেরে আগামী দুইদিন দেশের শেয়ার বাজার ও স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইউএই। তারা জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জ ও দুবাই ফাইনান্সিয়াল মার্কেট বন্ধ থাকবে।
আঞ্চলিক সংঘাতের গতি বুঝে কর্তৃপক্ষ পরের সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে ইউএই ক্যাপিটাল মার্কেট অথোরিটি।
এদিকে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ইরানের হামলার ঘটনায় নিন্দা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স পোস্টে তিনি জানান, আরব আমিরাতের প্রেসিডেন্ট শেইখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
এসময় বরাবরের মতো ভারত আরব আমিরাতের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান নরেন্দ্র মোদী।
৩ মার্কিন সেনা কুয়েতে নিহত
ইরানের পাল্টা হামলায় নিহত মার্কিন সেনারা কুয়েতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালে এখন পর্যন্ত নিহত তিনজন মার্কিন সেনা কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মোতায়েন ছিলেন৷
উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে তারমধ্য কুয়েত অন্যতম।
শনিবার ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পর থেকে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান।
ইরান কেবল এক ব্যক্তির ওপর নির্ভর করে না: বাঘাই
ইরান কেবল ‘একজন ব্যক্তির ওপর নির্ভর করে না’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে ঘিরে দেশজুড়ে নেতৃত্বহীনতার শঙ্কা নাকচ করে দেন তিনি।
বাঘাই বলেন, ‘ইরানের সরকার “একজন ব্যক্তির ওপর নির্ভর করে না”, যদিও তেহরানের “শত্রুরা” এই ধারণা প্রচার করছে।’
লেবাননের আল-মায়াদিন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান কেবল নিজেদের নয়, বরং, গোটা মধ্যপ্রচ্যকে রক্ষা করছে।
এ সময় আয়াতুল্লাহ খামেনির হত্যাকে তিনি ‘একটি আন্তর্জাতিক অপরাধ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ’ বলে উল্লেখ করেন।
বাঘাই হুঁশিয়ার করে বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সক্ষমতা মোতায়েন করেছে। যুদ্ধের তীব্রতা বুঝে ইরানের সামরিক বাহিনীই কোন ধরনের অস্ত্র ব্যবহার করবে তা ঠিক করবে বলেও জানান তিনি।
বাঘাই বলেন, ‘অনেকেই জানে ইরান কতটা কৃতজ্ঞ এবং এই অঞ্চলের দেশগুলোর প্রতি কতটা শ্রদ্ধাশীল।’
ইরানে হামলায় ২৫ শতাংশ মার্কিনির সমর্থন: রয়টার্স জরিপ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টিতে কেবল ২৫ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে এ তথ্য জানা যায়।
জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪৩ শতাংশ মানুষ এই হামলার বিরুদ্ধে এবং ২৯ শতাংশ নিশ্চিত নন।
সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৫৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন- মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অত্যন্ত সহজে সামরিক শক্তি ব্যবহার করতে রাজি।
অন্যদিকে রাজনৈতিক দলের ভিত্তিতে বিশ্লেষণে দেখা গেছে, বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে ৮৭ শতাংশ, রিপাবলিকানদের মধ্যে ২৩ শতাংশ, এবং কোনো রাজনৈতিক দলভুক্ত নয় এমন নেতাদের মধ্যে ৬০ শতাংশ মনে করেন তাদের মতামত ছাড়াই ট্রাম্পের একক নির্দেশে ইরানে হামলা করেছে মার্কিন সেনারা।
শনিবার ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরুর পর এই জরিপ করে রয়টার্স ও ইপসোস। এতে এক হাজার ২৮২ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন।
ইরানপন্থী বিক্ষোভে উত্তর পাকিস্তানে নিহত ৭
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর গিলগিটে ইরানপন্থী বিক্ষোভে অন্তত সাতজন নিহত হয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদে ওই বিক্ষোভে আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার কর্মকর্তা জাহির শাহ।
এর আগে খামেনি হত্যায় জড়িত থাকার অভিযোগে করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ঘেরাওকে কেন্দ্র করে বিক্ষোভে অন্তত নয়জন নিহত হন।
নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
ইরানের ৯ নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানের নয়টি নৌযান ধ্বংস ও ডুবিয়ে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন।
ট্রাম্প বলেন, ‘ধ্বংস করা নৌযানগুলোর মধ্যে কয়েকটি ছিল তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদর দপ্তরেরও বেশিরভাগ অংশ ধ্বংস করে দিয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, বর্তমানে ইরানের নৌবহরের অবশিষ্ট অংশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য করেন<span;>, ‘তারা (ইরান) খুব শিগগিরই সমুদ্রের তলদেশে পৌঁছে যাবে। এটা ছাড়া তাদের নৌবাহিনী খুব ভালোই করছে।’
তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
ইরানের আত্মরক্ষার অধিকারে ‘কোনো সীমা নেই’: আরাগচি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের পাল্টা জবাব দেওয়া থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের আত্মরক্ষার অধিকারে ‘কোনো সীমা নেই’।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘কেউ আমাদের বলতে পারে না যে আপনাদের নিজেদের রক্ষা করার কোনো অধিকার নেই। আমরা যেকোনো মূল্যে নিজেদের রক্ষা করব, এবং আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে আমরা নিজেদের জন্য কোনো সীমা দেখি না।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যা করছে তা আগ্রাসন। আর আমরা যা করছি তা আত্মরক্ষা। এই দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।’
মার্কিন ও ব্রিটিশ তেল ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালীতে তিনটি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বাহীনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, হামলার পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায়।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ১ লাখ রিজার্ভ সেনা ডাকছে ইসরায়েল
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে প্রায় এক লাখ রিজার্ভ সেনাকে ডাকার প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েল তাদের ইরানবিরোধী এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘রোয়ারিং লায়ন’ বা গর্জন করা সিংহ। এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন “রোয়ারিং লায়নের” অংশ হিসেবে ওই রিজার্ভ সেনাদের ডাকা হবে এবং একই সঙ্গে ইরানের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ প্রস্তুতির মাত্রাও বৃদ্ধি করা হবে।’
স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বর্তমানে অন্তত ৫০ হাজার রিজার্ভ সেনা দায়িত্বে রয়েছেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ট্রাম্পকে সমর্থন জার্মানির
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার ঘটনায় সতর্কতা জারি করেছে ইউরোপের দেশ জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎজ বলেছেন, ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
তবে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখার ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত বলে জানিয়েছেন।
মের্ৎজ বলেন, ‘আমরা ইরানের শাসনের অবসান এবং বিপজ্জনক পারমাণবিক ও ব্যালিস্টিক অস্ত্র কর্মসূচির শেষ দেখতে চাই। এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে একমত।’
জার্মান চ্যান্সেলর আরও বলেন, ‘এটি ঝুঁকিহীন কোনো পদক্ষেপ নয়। ইরান পাল্টা ও কঠোর হামলা করলে গোটা অঞ্চলে কি পরিমাণ যুদ্ধ ছড়িয়ে পড়বে, তা আমরা জানি না।’
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং পুরো অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার পরদিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে কথা বলতে চায় এবং তিনি তা করার পরিকল্পনা করছেন। রোববার দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি আলোচনায় সম্মত হয়েছি, তাই আমি তাদের সাথে কথা বলব। তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’ তবে কখন এই আলোচনা কখন হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। এই আলোচনা আজ নাকি কাল হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে তা বলতে পারছি না।ইরানের নতুন নেতাদের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
মার্কিন হামলায় ৪৮ ইরানি নেতা নিহত: ট্রাম্প
ইরানজুড়ে চলমান মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় দেশটির ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মার্কিন এই চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারবে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ। আর সবকিছু খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে।’
সিএনবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা আমাদের কাজ করছি শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য।’
নির্ধারিত সময়ের আগেই ইরানে সামরিক অভিযান শুরু হয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে মার্কিন সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ শুরু হয়েছে এবং তা চলছে।
সিএনবিসির সাংবাদিক জো কার্নেনকে রোববার ট্রাম্প এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের পাল্টা আক্রমণ আরও তীব্র হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, এই অভিযানে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন বেশ কয়েকটি উপসাগরীয় দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। একাধিক শহরে বিস্ফোরণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিমানবন্দরগুলো তাদের কার্যক্রম স্থগিত করেছে, মধ্যপ্রাচ্যজুড়ে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
ইরানের বিরুদ্ধে অভিযানে ৩ মার্কিন সেনা নিহত
ইরানের বিরুদ্ধে অভিযানের তিন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসময় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘আরও বেশ কয়েকজন সামান্য স্প্লিন্টারের আঘাতজনিত সমস্যায় পড়েছেন। যাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বড় ধরনের সামরিক অভিযান এবং আমাদের পাল্টা পদক্ষেপ অব্যাহত রয়েছে।’
পরিস্থিতি এখনও পরিবর্তনশীল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘তাই শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সম্মান জানিয়ে আমরা নিহত যোদ্ধাদের পরিচয়সহ অতিরিক্ত তথ্যগুলো গোপন রাখছি। নিকটাত্মীয়দের জানানোর ২৪ ঘণ্টা পর এই তথ্য প্রকাশ করা হবে।’
তেহরানে নতুন হামলার ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীর
ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) এক্স হ্যান্ডলে দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমান বাহিনী এখন তেহরানের প্রাণকেন্দ্রে নতুন দফার হামলা শুরু করেছে।’
ওমান উপসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
রোববর মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরের চাবাহার পিয়ারের কাছে একটি ইরানি জামারান-ক্লাস কর্ভেট বা ছোট যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে।
An Iranian Jamaran-class corvette was struck by U.S. forces during the start of Operation Epic Fury. The ship is currently sinking to the bottom of the Gulf of Oman at a Chah Bahar pier. As the President said, members of Iran’s armed forces, IRGC and police “must lay down your… pic.twitter.com/NzsR3dI2Hs
— U.S. Central Command (@CENTCOM) March 1, 2026
সেন্ট্রাল কমান্ডের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শনিবারের বক্তব্যের কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট যেমনটি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি এবং পুলিশের সদস্যদের অবশ্যই অস্ত্র নামিয়ে রাখতে হবে। আপনারা জাহাজ ত্যাগ করুন।’
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থগিত করল মায়ের্স্ক
নিরাপত্তাজনিত কারণে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজের চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মায়ের্স্ক।
ডেনমার্কের এই প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা হরমুজ প্রণালীতে সমস্ত জাহাজের চলাচল স্থগিত করছি। ক্রু, জাহাজ এবং গ্রাহকদের পণ্যের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার।’

এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড এই প্রণালীটি বন্ধ করার ঘোষণা দিয়েছিল।
এই চ্যানেলটি বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচলের পথ। মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলো আন্তর্জাতিক বাজারে সরবরাহ পাঠাতে এই পথটির ওপর নির্ভর করে, অন্যদিকে আমদানিকারক দেশগুলো এর নিরবচ্ছিন্ন কার্যক্রমের ওপর নির্ভরশীল।
খামেনি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের জনগণ এই শোক ও দুঃখের সময়ে ইরানের জনগণের সঙ্গে যোগ দিচ্ছে এবং খামেনির মৃত্যুর বিষয়ে আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’
পাকিস্তান আন্তর্জাতিক আইনের মানদণ্ড লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করছে বলে জানিয়েছেন তিনি।
ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ নিহত ৩
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাংলাদেশি রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাকি দুজনের মধ্যে একজন পাকিস্তানি এবং অন্যজন নেপালি।
তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
আহতদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে ইউএই লেবার্সের ফেসবুক পেজে জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়, ‘মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’
কঠোর আঘাত অব্যাহত রাখবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানে হামলার প্রেক্ষাপটে দেশবাসীর উদ্দেশে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান কঠোর আঘাত অব্যাহত রাখবে।
টেলিভিশনে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদচিহ্ন অনুসরণ করা অব্যাহত রাখব। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত অব্যাহত রাখবে এবং আমাদের শত্রুদের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করা অব্যাহত রাখবে ‘
শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যার মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলিম বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা বলেও মন্তব্য করেন তিনি।
কুয়েতে একজন নিহত, ৩২ জন আহত
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে’ একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
আহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানের হামলায় অন্তত ৯ ইসরায়েলি নিহত
মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, জেরুজালেম থেকে ৩০ কি.মি. পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত নয়জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসাদল এবং আহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টারসহ ঘটনাস্থলে কাজ করছে।
তথ্যসূত্র: আল জাজিরা
*MDA Spokesperson:* Update to the recent missile barrage fired at Israel:
*Initial report only!!!* from the Beit Shemesh region, MDA EMTs and paramedics are treating a number of casualties, including a girl in serious condition. Updates to follow pic.twitter.com/s4vJBGhIqD
— Magen David Adom (@Mdais) March 1, 2026
ইরানের বিদ্যালয়ে হামলা: ‘অবগত নই’ বলল ইসরায়েলি বাহিনী
দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১০০ জনের বেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা এ বিষয়ে অবগত নয়।
এপির খবরে বলা হয়, রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, মিনাব শহরের একটি বিদ্যালয়ে হামলার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলাটি চালানো হয়। এতে ১০০ জনের বেশি শিক্ষার্থী মারা যায়।
এদিকে শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, তিনি ‘প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত’ আছেন এবং যুক্তরাষ্ট্র বিষয়টি তদন্ত করছে।
ইরানের হামলায় বাহরাইনের মানামার হোটেল ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় বাহরাইনের মানামায় একটি হোটেল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানামার ‘ক্রাউন প্লাজা হোটেল’ হামলার শিকার হয়েছে। এই হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, ‘তবে কোনো প্রাণহানি ঘটেনি’।
গতকাল বাহরাইন জানিয়েছিল, দ্বীপরাষ্ট্রটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং মানামায় তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
খামেনির মৃত্যু ইরানের ইতিহাসে এক ‘গুরুত্বপূর্ণ মোড়’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ছিল ‘ইরানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়’।
এক্সে দেওয়া এক পোস্টে কালাস বলেন, ‘এর পরে কী ঘটবে তা অনিশ্চিত। তবে এখন একটি ভিন্ন ইরানের পথ প্রশস্ত হয়েছে, যা গঠন করার জন্য সে দেশের জনগণের হয়তো আরও বেশি স্বাধীনতা থাকবে।’
The death of Ali Khamenei is a defining moment in Iran’s history.
What comes next is uncertain. But there is now an open path to a different Iran, one that its people may have greater freedom to shape.
I’m in contact with partners, including those in the region that bear the… pic.twitter.com/s5CqUqHrWi
— Kaja Kallas (@kajakallas) March 1, 2026
তিনি আরও যোগ করেন, ‘আমি এই অঞ্চলের অংশীদারদের সাথে যোগাযোগ রাখছি, যারা ইরানের সামরিক কর্মকাণ্ডের শিকার হয়েছে; যাতে উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।’
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলে উত্তর কোরিয়ার নিন্দা
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা হলো একটি ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
মুখপাত্রটি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সংশ্লিষ্টতা ‘প্রত্যাশিত সীমার মধ্যেই ছিল’। তিনি একে যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টারসুলভ’ স্বভাবের কারণে একটি অনিবার্য ফলাফল বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘আগ্রাসনী যুদ্ধ’ কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়।
খামেনি হত্যাকাণ্ডকে ‘নিষ্ঠুর’ বলেছেন পুতিন
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়া আমরা পেয়েছি।
রাশিয়ার তাস নিউজ এজেন্সি জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় (প্রেসিডেন্ট) পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন।
এতে পুতিনকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে যে, খামেনির হত্যাকাণ্ড ছিল একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড, যা মানুষের নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত মানদণ্ড লঙ্ঘন করেছে।
খামেনির অবস্থান নিয়ে ইসরায়েলকে ‘নির্ভুল তথ্য’ দেয় সিআইএ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে ‘নির্ভুল তথ্য’ দেয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি লিখেছে, সিআইএ কয়েক মাস ধরে খামেনির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। তার অবস্থান ও চলাচলের ধরন সম্পর্কে সংস্থাটি ক্রমশ নিশ্চিত হচ্ছিল।
এর ধারাবাহিকতায় সিআইএ জানতে পারে, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপাউন্ডে শীর্ষ ইরানি কর্মকর্তাদের বৈঠক হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেখানে উপস্থিত থাকবেন খামেনি।
এই তথ্য পাওয়ার পর সিআইএ খামেনির অবস্থান সম্পর্কে নির্ভুল গোয়েন্দা তথ্য পাওয়ার পর ইসরায়েলকে জানায়।
ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস আরও লিখেছে, গোয়েন্দারা একটি নয়, একযোগে তিনটি বৈঠকের তথ্য শনাক্ত করেছিলেন। বৈঠকগুলো হচ্ছিল ইরানের প্রেসিডেন্সি কার্যালয়, সর্বোচ্চ নেতার দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয়ে।
ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে হামলা চালানো। তবে দিনের বেলায় বৈঠকের তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময় পরিবর্তন করে।
সিআইএ তথ্য দেওয়ার পর বোমা ফেলে ইসরায়েল
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ আগেই জেনে গিয়েছিল, ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা শনিবার সকালে তেহরানের একটি সরকারি কমপাউন্ডে বৈঠকে বসবেন। ওই তথ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেয়।
এর ভিত্তিতে ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে দিনের আলোতেই আঘাত হানে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা নিহত হন।
צפו בתיעוד ראשון מהמטס הרחב של חיל האוויר בלב טהראן
מצורף תיעוד מהדקות האחרונות של השמדת מפקדה של משטר הטרור האיראני בלב טהראן pic.twitter.com/jGSpx0oo2Y
— צבא ההגנה לישראל (@idfonline) March 1, 2026
ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি জঙ্গিবিমান খামেনির কমপাউন্ডে ৩০টি বোমা নিক্ষেপ করে। এতে কমপাউন্ডটি পুরোপুরি বিধ্বস্ত হয়।
প্রতিবেদন অনুযায়ী, অভিযান শুরু হয় ইসরায়েল সময় শনিবার সকাল ৬টার দিকে। তেহরান সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে, অর্থাৎ জঙ্গিবিমান উড্ডয়নের ২ ঘণ্টা ৫ মিনিট পর কমপাউন্ডে বোমা আঘাত হানে।
ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ধর্মীয় সদস্য আলিরেজা আরাফিকে ইরানের নেতৃত্ব পরিষদের বিচারিক সদস্যের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই সংস্থা সর্বোচ্চ নেতার ভূমিকা পালন করবে।

সাময়িক নেতৃত্ব পরিষদে আরাফি সঙ্গী হবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই’র।
ইরানের ৩০ জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সংবাদমাধ্যম
ইসরায়েলের বিমান বাহিনী ইরানের বিরুদ্ধে প্রথম আঘাতে ৩০ জন জ্যেষ্ঠ কর্মকর্তার প্রাণহানি ঘটায় বলে জানিয়েছে চ্যানেল টুয়েলভ।
দেশটির এই সংবাদমাধ্যম বলছে, শনিবার প্রথম আঘাতের মাত্র অর্ধ মিনিটে এসব মৃত্যু ঘটে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রয়েছেন।
এন টুয়েলভ ওয়েবসাইটে সাংবাদিকরা লিখেছেন, ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, আমরা এখনো কেবল শুরুর প্রক্রিয়ায় আছি এবং আমাদের অন্তত কয়েক দিনের অভিযান বাকি আছে।’
ইসরায়েলি অন্য সংবাদমাধ্যমগুলো যুদ্ধের এতদূর পর্যন্ত বিস্তৃত পরিকল্পনা এবং ইসরায়েল ও মার্কিন সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতা এবং গোয়েন্দা তথ্যের সঠিকতার বিষয়টি তুলে ধরেছে।
তবে প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োভ লিমর সতর্ক করেছেন যে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দূরত্ব দেখা দিতে পারে।
তিনি বলেন, ‘ইসরায়েলের কাছে এই যুদ্ধ কয়েক দিন বা কয়েক সপ্তাহ, সম্ভবত আরও দীর্ঘ সময় চালানোর জন্য সব ধরনের ধৈর্য ও প্রস্তুতি রয়েছে; ট্রাম্পেরও একই ধরনের ধৈর্য ও মাথা ঠাণ্ডা রয়েছে কি না তা স্পষ্ট নয়।’
ইরানের প্রধান প্রশাসনিক কেন্দ্রে হামলার ভিডিও প্রকাশ ইসরায়েলের
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দেশটির প্রধান প্রশাসনিক কেন্দ্রগুলোতে হামলার ভিডিও প্রকাশ করেছে।
‘ইরানি শাসকদের সদরদপ্তরে’ এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভিডিওতে ইরানের রাজধানীতে আঘাত হেনে দুটি ভবন ধ্বংস করে দিতে দেখা গেছে।
צפו בתיעוד ראשון מהמטס הרחב של חיל האוויר בלב טהראן
מצורף תיעוד מהדקות האחרונות של השמדת מפקדה של משטר הטרור האיראני בלב טהראן pic.twitter.com/jGSpx0oo2Y
— צבא ההגנה לישראל (@idfonline) March 1, 2026
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তারা তেহরানে ইরানি শাসকদের কেন্দ্রস্থলে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।
তেহরানের গুরুত্বপূর্ণ এলাকা সৈয়দ খন্দানে, কাসর চৌরাস্তা, ভানাক স্কয়ার ও মোতাহারি স্ট্রিটে চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
ইরানের পুলিশের গোয়েন্দা প্রধান নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শনিবার শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।’
তথ্যসূত্র: দ্য ডন
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করল বাহরাইন
বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশনস সেন্টার জানিয়েছে, উপসাগরীয় দেশটির আকাশে ইরানের পাঠানো নতুন দফার একগুচ্ছ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিস্ফোরণের শব্দ
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
এএফপির বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারা বেশ কয়েকটি বিকট শব্দ শুনেছেন এবং ধোঁয়া উড়তে দেখেছেন। এএফপির নিজস্ব প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ওমান উপকূলের কাছে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

ওমানের মুসান্দাম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘স্কাইলাইট’ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র।
এই ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে জাহাজের ২০ জন ক্রু সদস্যের সবাইকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান।

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, রোববার স্থানীয় সময় ভোরের দিকে বিমান হামলায় তারা প্রাণ হারান।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানিও নিহত হন।
করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে নিহত ৯
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে দাঙ্গা ও সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন। দেশটির স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা ইধি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।
সংস্থার তথ্যমতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ঘিরে বিক্ষোভ করেন ইরানপন্থীরা। এসময় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা কূটনৈতিক মিশনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করার ব্যবস্থা নেয়।
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নয়জনের প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় করাচিতে উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে বলে্ব জানিয়েছে করাচি কর্তৃপক্ষ।
ইরানের কঠোর হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন ঘাঁটিতে হামলা থেকে বিরত থাকতে ইরানকে ফের সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) হুঁশিয়ার করেন তিনি।

ট্রাম্প লিখেছেন, ‘ইরান জানিয়েছে- আজ তারা অত্যন্ত কঠোরভাবে হামলা করবে, এমন কঠোর যে আগে কখনো হয়নি। তারা যদি সেটি করে, আমাদের প্রতিক্রিয়াও এমন শক্তিশালী হবে যা তারা আগে কখনো দেখেনি।’
ইরানের যে কোনো আক্রমণের প্রতিহত করতে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প।
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের তথ্য গোপন রাখার নির্দেশ ইসরায়েলের

ইরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য প্রকাশ না করতে বাসিন্দাদের সতর্ক করেছে ইসরায়েল।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামলার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত এলাকা কোথায় কিংবা কোন কোন স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোথাও শেয়ার না করার নির্দেশ দেওয়া হচ্ছে।
সেই সঙ্গে পরিবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাসিন্দাদের বাঙ্কারে অবস্থান করতে বলেছে আইডিএফ।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি কোনো সতর্কতা পাওয়া না যায়, সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করুন।’
একের পর এক বিস্ফোরণে কাঁপছে দোহা
কাতারের রাজধানী দোহায় অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চলছে বলে ধারণা করা হচ্ছে।
খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ইরানের প্রেসিডেন্টের
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খামেনির হত্যাকে তিনি ‘এক ভয়ানক অপরাধ’ বলে বর্ণনা করেছেন।
দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের দায়িত্ব নিয়ে রোববার এই হুঁশিয়ারি দেন তিনি।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই ভয়ানক অপরাধ কখনও অপরিণত থাকবে না এবং ইসলামী বিশ্ব ও শিয়াদের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত ঝরবে ঝর্ণার মতো এবং আমেরিকান–জায়োনিস্ট অত্যাচার ও অপরাধ ধ্বংস করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এইবারও আমরা আমাদের সব শক্তি ও দৃঢ়তার সঙ্গে, ইসলামী জাতি এবং বিশ্বের মুক্ত মানুষদের সমর্থন নিয়ে এই ভয়ানক অপরাধের পরিকল্পনাকারী ও দায়িত্বরত ব্যক্তিদের আফসোস করাবো। তাদের আফসোস করতেই হবে, তারা ভুল করেছে।’
এ সময় ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি সাতদিনের সরকারি ছুটিও ঘোষণা করেন মাসুদ পেজেশকিয়ান।
ইরানি হামলায় কাতারে ১৬ জন আহত
কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে কাতারে আহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।
এক বিবৃততে মন্ত্রণালয় জানায়, বিভিন্ন এলাকায় ‘সীমিত পরিমাণে ভৌত ক্ষয়ক্ষতি’ বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
খামেনির মৃত্যুতে ইরাকে তিনদিনের শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সাদর।
এক বিবৃতিতে ‘দুঃখ ও শোক’ জানিয়ে ইরাক জুড়ে তিনদিনের সরকারি ও সাধারণ শোক পালন করার ঘোষণা দিয়েছেন তিনি।
খামেনির প্রতি রাষ্ট্রীয় শোক ঘোষণার মধ্য দিয়ে ইরাকে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
ইরানের ৩ সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন
ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সামরিক বাহিনী আইআরজিসি প্রধানের মৃত্যুতে নেতৃত্ব শঙ্কায় অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (ইসলামী আইন বিশারদ) প্রতিনিধিকে নিয়ে এই পরিষদ গঠিত হল।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশের নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে। তারাই সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার সব শীর্ষ দায়িত্ব পালন করবেন।
আইআরএনএর খবরে আরও বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই তিন সদস্যের পরিষদ রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করার পথ সুগম করবে।
ইরানের সংবিধান অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে নেতৃত্বে শূন্যতা দেখা দিলে এ ধরনের অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা নিশ্চিত করা হয়।
ইরানে হামলায় আয়াতুল্লাহ খামেনির মেয়ে-জামাতা নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ বিমান হামলায় হামলায় তার পরিবারের অন্তত চার সদস্য নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ- এর প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে আয়াতুল্লাহ খামেনিসহ তার এক মেয়ে, নাতি, পুত্রবধূ ও জামাতা রয়েছেন।
তবে নিহতদের পরিচয় ও হামলার বিস্তারিত সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি ইরান।
ইরানে হামলায় খামেনির পাশাপাশি শীর্ষ উপদেষ্টা এবং আইআরজিসি প্রধানও নিহত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি দেশটির শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা নিহত হয়েছেন।
তারা হলেন- আয়াতুল্লাহ খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ও প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপৌর।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এসব তথ্য নিশ্চিত করেছে।
খামেনির পাশাপাশি এই দুই শীর্ষ ব্যক্তির মৃত্যু ইরানের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা।
বিশেষ করে ইরানের সামরিক ও কৌশলগত কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আইআরজিসি নেতৃত্বহীন অবস্থায় পড়েছে।
ইরানে হামলার সিদ্ধান্তে কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড়

ইরানে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কের ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে।
আইনসভায় বিরোধী দলের সদস্যদের পাশাপাশি ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির কয়েক সদস্যও প্রেসিডেন্টের পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের অভিযোগ, যুদ্ধ ঘোষণা করার সাংবিধানিক ক্ষমতা আইনসভার হাতে থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট একতরফাভাবে নির্বাহী শাখার সিদ্ধান্তে সেই ক্ষমতা প্রয়োগ করছেন।
অন্যদিকে, ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পেছনে তার অন্যতম উদ্দেশ্য হলো- দেশটিতে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা, যেখানে বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের পথ তৈরি হতে পারে।
তবে ট্রাম্পের রাজনৈতিক সমর্থকদের একটি অংশও ইরান–ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে। তাদের শঙ্কা, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরও দীর্ঘস্থায়ী ও জটিল সংঘাতে টেনে নিতে পারে।
বিশ্লেষকদের মতে, সামনের দিনগুলোতে ইরানের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপরই নির্ভর করবে রাজনৈতিক চাপের মাত্রা। যদি সংঘাত আরও বিস্তৃত হয় বা অস্থিরতা বাড়ে, তবে প্রেসিডেন্টের ওপর অভ্যন্তরীণ চাপ আরও তীব্র হতে পারে।
ইরানে নতুন করে ৩০ স্থাপনায় ইসরায়েলি হামলা
ইসরায়েলের বিমান বাহিনী ইরানে নতুন করে ৩০টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, ‘সামরিক গোয়েন্দা বিভাগের নির্দেশনায় বিমান বাহিনীর ১২টিরও বেশি যুদ্ধবিমান কিছুক্ষণ আগেই তেহরানে আরেক দফা হামলা করেছে।’
এসব হামলায় ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে’ বলেও দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
ইসরায়েল ফের হুঁশিয়ার করেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক সদর দপ্তর এবং অন্য ‘শাসনব্যবস্থার লক্ষ্যবস্তুর’ ওপর হামলা অব্যাহত থাকবে।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। বিবিসি জানিয়েছে, রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।’

এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’
সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করে তেহরান।
রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে, নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’ ট্রাম্প আরও লেখেন, ‘এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ।’ তিনি বলেন, ইরানের ভেতরে কিছু মানুষ দায়মুক্তি (ইমিউনিটি) পাওয়ার চেষ্টা করছেন।
ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা ‘নিহত’
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন দাবি করেছেন, শনিবার ইরানে চালানো সামরিক অভিযানে দেশটির সাতজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন।
ইসরায়েলি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ দাবি করেন বলে আল জাজিরার খবরে বলা হয়।
ইসরায়েলের দাবি করা নিহতের তালিকায় রয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক সেক্রেটারি আলী শামখানি। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা।
এর আগে ২০২৫ সালের জুনে তেহরানে আলী শামখানির বাসায় হামলা হয়েছিল। ওই যাত্রায় বেঁচে যান তিনি।
শনিবারের নিহতের তালিকায় আরও আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর–দাবি ইসরায়েলের সামরিক মুখপাত্রের।
আমার ধারণা, খামেনি আর নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যকে জানিয়েছেন, খামেনি নিহত হয়েছেন বলে তার ধারণা। এনবিসি নিউজকে তিনি বলেছেন, ‘আমরা মনে করি এটাই সঠিক খবর।’
খামেনির স্থলাভিষিক্ত কে হবেন–এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। তবে যেকোনো সময় তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে চাই… মজা করলাম আরকি।’
ট্রাম্প এবিসি নিউজকে বলেন, ‘নিজে চোখে না দেখা পর্যন্ত আমি নিশ্চিত করে কিছু বলতে চাই না। তবে আমার ধারণা, সে (খামেনি) আর তার অন্য নেতারা আর নেই।’
খামেনি ‘নিহত’ হয়েছেন, ধারণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের ধারণা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘নিহত’ হয়েছেন এবং ইসরায়েলের প্রথম আঘাতে তিনি এবং ৫ থেকে ১০ জন শীর্ষ নেতা মারা গেছেন।
উচ্চপদস্থ একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ এ খবর জানিয়েছে। তবে ইরান বা মার্কিন সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেয়নি। রয়টার্স খামেনির মৃত্যুর বিষয়টি যাচাই করতে পারেনি।
খামেনির মরদেহ পাওয়া গেছে, দাবি ইসরায়েলি কর্মকর্তার
একজন উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ পাওয়া গেছে।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইরান সরকারের কোনো ভাষ্য পাওয়া যায়নি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’–এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির নিহত হওয়ার বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, নেতানিয়াহু সংক্ষিপ্ত এক বার্তায় এ কথা জানান। এর আগে, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তার জানা অনুযায়ী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এনবিসি নিউজের লাইভে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
২০০ যুদ্ধবিমান ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, দাবি ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ২০০টি যুদ্ধবিমান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে। তারা এ অভিযানে ইরানের বিভিন্ন স্থানে প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে।
সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, এটি ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসের বৃহত্তম সামরিক অভিযান। হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়।
সূত্র: আল জাজিরা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। ইরানের মেহের নিউজকে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছে। রেড ক্রিসেন্টের ওই মুখপাত্র আরও বলেন, রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি দল হামলার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সূত্র: আল জাজিরাইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭
ইরানে নির্লজ্জ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থনীতিবিদ
ইসরায়েলের নির্দেশে যুক্তরাষ্ট্র উসকানি ছাড়াই ইরানে নির্লজ্জ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থনীতিবিদ জেফরি স্যাকস।
তিনি বলেছেন, ‘হয়তো এপস্টেইন ফাইল অথবা দুর্নীতি ‘ঢাকতে’ এ আক্রমণ চালানো হয়েছে। কিন্তু তাতে আমেরিকার কোনো স্বার্থ নেই।’
ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫
ইরানের দক্ষিণাঞ্চলের মেয়েদের একটি নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়, শনিবার ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে মেয়েদের একটি বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।
ওই স্কুলে এদিন সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ইরানে জিমনেসিয়ামে হামলা, নিহত ১৫ জনের বেশি
ইরানের লামের্দ শহরের একটি জিমনেসিয়ামে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের ফারস নিউজ এজেন্সি এ কথা জানিয়েছেন।
ফারসের খবরে বলা হয়, ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার সময় শিশুরা খেলছিল এবং অনেকেই জিমনেসিয়ামে ব্যায়াম করছিলেন।
তবে আল জাজিরা হতাহতের সংখ্যার বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
ইরানে হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলবিরোধী বিক্ষোভ
ইরানের তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর মধ্যেই তেহরানের রাস্তায় নেমে যুক্তরাষ্ট্র-ইসরায়েলবিরোধী বিক্ষোভ করেছে স্থানীয়রা।
শনিবার বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা দেখা গেছে। কেউ কেউ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি নিয়ে করে বিক্ষোভে অংশ নেন। নারী ও শিশুদের উপস্থিতি এই বিক্ষোভকে বিশেষভাবে চোখে পড়ার মতো করেছে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটির ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা চালানো হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে আলাদা দুটি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন।
ট্রাম্পের হামলা ইরানের ওপর ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সেনেটর
ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন সেনেটর এডওয়ার্ড জে. মারকি। তিনি বলেছেন, ‘কংগ্রেসের অনুমোদন না নেওয়া এই হামলা সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে।’
সেনেটর মারকি বলেন, ‘ট্রাম্পের পদক্ষেপ একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।’

তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প ইরানের পারমাণবিক হুমকিকে বড় করে প্রচার করছেন। এর আগে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘পুরোপুরি ধ্বংস’ করার দাবি করলেও এখন একই পথে রয়েছেন।
মারকি বলেন, ‘এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে না। বর্তমান হামলার আগে কূটনীতির যথেষ্ট সুযোগ ছিল এবং এখনো আছে।’ তিনি সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের পথ অনুসরণের জোরালো আহ্বান জানিয়েছেন।
আমি কেবল জনগণের স্বাধীনতা চাই: ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি নিরাপদ জাতি চান এবং জনগণের স্বাধীনতাই তার লক্ষ্য।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একটি নিরাপদ জাতি চাই এবং আমরা সেটা পেতে যাচ্ছি। আমি শুধু জনগণের স্বাধীনতা চাই।’
এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকার পতনের জন্য উৎসাহ দেন।
সেই ভিডিওতে তিনি বলেন, ‘এটি (সরকার পতন) সম্ভবত আপনাদের আগামী কয়েক প্রজন্মের মধ্যে একমাত্র সুযোগ হতে যাচ্ছে।’
নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে ট্রাম্পের
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি ছবি প্রকাশ করেছে যেখানে বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে।
ראש הממשלה בנימין נתניהו בשיחתו עם נשיא ארה”ב דונלד טראמפ. pic.twitter.com/yZMMgBqGl8
— ראש ממשלת ישראל (@IsraeliPM_heb) February 28, 2026
ছবির বর্ণনায় বলা হয়েছে, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছিলেন।
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি: পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও রেভল্যুশনারি গার্ডের গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ কারও কারও মৃত্যুর খবর ছড়ালেও দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি।

আল জাজিরা লিখেছে, আরগাচি এনবিসি নিউজকে বলেছেন, ‘আলী খামেনি বেঁচে আছেন, যতদূর আমি জানি।’
আরগাচি আরও বলেন, একজন বা দুজন কমান্ডার নিহত হলেও বেশিরভাগ কর্মকর্তা জীবিত আছেন।
ট্রাম্প ইরানের শাসন পরিবর্তনের যে বার্তা দিয়েছেন তা ‘অসম্ভব’ মন্তব্য করে তিনি বলেন, কোনো আলোচনার আগে হামলা থামাতে হবে।
ইরানের সার্বভৌমত্বকে সম্মান করা উচিত: চীন
চীনের সরকার জানিয়েছে, তারা ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ‘অত্যন্ত উদ্বিগ্ন’ এবং সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।’
সূত্র: আল জাজিরা
ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
আল জাজিরার খবরে বলা হয়, সংস্থাটির মুখপাত্র মুজতবা খালেদি নাগরিকদের হামলাস্থল থেকে দূরে থাকার জরুরি আহ্বান জানিয়েছেন।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, একাধিক প্রদেশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা শুরু করে। ইরানের হরমোজগান প্রদেশে আলাদা দুই হামলায় অন্তত ৭০ জন নিহত ও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন।
এর মধ্যে মিনাব শহরের একটি মেয়েদের বিদ্যালয়েই নিহত হয়েছে ৫৩ জন শিক্ষার্থী। মিনাব শহরের বিদ্যালয়টিতে ১৭০ জন শিক্ষার্থী অবস্থান করছিল।
ইরানে দুই হামলায় অন্তত ৭০ জন নিহত, আহত ৯০
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের মিনাব ও জাস্কে আলাদা হামলায় অন্তত ৭০ জন নিহত ও ও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন। এর মধ্যে মিনাব শহরের একটি মেয়েদের বিদ্যালয়েই নিহত হয়েছে ৫৩ জন শিক্ষার্থী।
হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধানের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

মিনাব শহরের বিদ্যালয়টিতে ১৭০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। সেখানে শনিবার সকালে হামলা চালিয়েছে ইসরায়েল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হতাহতের এই সংখ্যাগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও রেভল্যুশনারি গার্ডের কমান্ডার নিহত
ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ‘নিহত’ হয়েছেন। ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের টার্গেট কে এই আলী শামখানি
শনিবার সকালে ইরানে ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার আলী শামখানি। তবে এটিই প্রথম নয় যে তাকে টার্গেট করা হয়েছে।
গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ দিনের যুদ্ধের সময় তেহরানে তার বাসভবনে হামলা হয়। ওই হামলার পর ৭০ বছর বয়সী শামখানিকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

তার উত্থান শুরু হয় ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় আইআরজিসিতে পদোন্নতির মাধ্যমে। ১৯৮২ সালের মধ্যে তিনি আইআরজিসির প্রধান কমান্ডার মোহসেন রেজায়ির ডেপুটি হিসেবে নিযুক্ত হন। ১৯৮৮ সালে যুদ্ধ শেষ হওয়ার সময় তিনি সংস্থাটির স্থল বাহিনীর কমান্ডিং অফিসার এবং রেভল্যুশনারি গার্ডের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পরের বছর আয়াতুল্লাহ আলী খামেনি নিযুক্ত হওয়ার পর শামখানিকে নৌবাহিনীতে স্থানান্তর করা হয়। এক বছরের মধ্যে তাকে নিয়মিত সেনাবাহিনী ও আইআরজিসি–উভয় নৌবাহিনীর সমসাময়িক নিয়ন্ত্রণ দেওয়া হয়।

১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির অধীনে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে শামখানি পারমাণবিক চুক্তি বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন।
২০১৩ সাল থেকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দায়িত্ব পালনের পর ২০২৩ সালে তিনি সেই পদ ছাড়েন। এরপর থেকে শামখানি খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র: আল জাজিরা
ইরানের পাল্টা হামলার নিন্দা জানাল জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে এই অঞ্চলের দেশগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক জীবন রক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’
এর পাশাপাশি তারা আলোচনা বা সমঝোতা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবে ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় লক্ষ্য করে হামলা চলবে।
শনিবার সকাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। পাশাপাশি কাতার, বাহরাইন, আমিরাত, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।
ইরানে ৫৩ ‘নিষ্পাপ শিশু’ নিহত, হামলার জবাব দেওয়ার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর
ইরানের দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ৫৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই হামলা ‘বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না’।
The destroyed building is a primary school for girls in the south of Iran. It was bombed in broad daylight, when packed with young pupils.
Dozens of innocent children have been murdered at this site alone.
These crimes against the Iranian People will not go unanswered. pic.twitter.com/AVqiuolgWm
— Seyed Abbas Araghchi (@araghchi) February 28, 2026
দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে এই হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, নিহতরা সবাই শিক্ষার্থী।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ভুক্তভোগীরা সবাই ছিল ‘নিষ্পাপ শিশু’। তিনি জোর দিয়ে বলেন, মেয়েদের বিদ্যালয়ে হামলার এই ঘটনা কোনোভাবে উপেক্ষা করা হবে না।
ইরানে মেয়েদের স্কুলে নিহত ৫৩, আহত ৬৩
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, একটি মেয়েদের বিদ্যালয়ে হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
মুখপাত্র আলী ফরহাদি বলেন, আজ স্কুলটি ‘তিনটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু’ ছিল। তিনি আরও জানান, হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন।
মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য অন্যান্য হতাহতদের সন্ধানে বিদ্যালয়ের ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে।
দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে অবস্থিত মেয়েদের এই প্রাথমিক বিদ্যালয়টি হামলার শিকার হয়।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দুঃখ প্রকাশ ওমানের
শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় দুঃখ প্রকাশ করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি, যিনি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতা করেছেন। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে এমন এক যুদ্ধে ‘আর জড়িত না হওয়ার’ আহ্বান জানিয়েছেন।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি হতাশ। সক্রিয় ও গুরুতর আলোচনাগুলো আবারও দুর্বল হয়ে গেছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছি আর বেশি জড়িত না হতে। এটি আপনাদের যুদ্ধ নয়।’
এর আগে, বৃহস্পতিবার জেনেভায় ইরান-মার্কিন আলোচনার তৃতীয় দফা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা ভালো অগ্রগতি পেয়েছি এবং এটি ছিল মার্কিন পক্ষের সঙ্গে আমাদের অন্যতম সেরা ও সবচেয়ে গুরুতর আলোচনা।’
দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান
জর্ডান জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী দেশের ভূখণ্ড লক্ষ্য করে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কেবল কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, ইরানের প্রতিশোধমূলক হামলা শুরুর সঙ্গে সঙ্গে ইসরায়েল জুড়ে সাইরেন ও মোবাইল ফোনে সতর্কবার্তা জারি করা হয়েছে।
ইরানের শীর্ষ কর্মকর্তারা ‘সম্পূর্ণ সুস্থ’
ফার্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানিসহ শীর্ষ কর্মকর্তারা ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি কিছু সূত্র ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের ওপর হামলা চালানো এবং তা সফল হওয়ার দাবি করলেও ইরানের সরকারি সূত্রগুলো বলছে, সশস্ত্র বাহিনীর প্রধানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা নিরাপদ ও সুস্থ রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ‘ব্যাপক’ বিমান ও নৌ হামলা অব্যাহত রাখার ঘোষণা
মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইরানে আকাশ ও সমুদ্রপথ থেকে ‘ব্যাপক’ হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

আল জাজিরাকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যৌথ হামলার লক্ষ্য ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া। এখন ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুগুলোতেই হামলা চালাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনী সরাসরি এই হামলায় অংশ নিচ্ছে। সমন্বয় করছে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে।’
ইরানে হামলার নিন্দা রুশ পররাষ্ট্রমন্ত্রীর
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি একে ‘বিনা উসকানিতে হামলা’ বলে উল্লেখ করে করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

আল-জাজিরা খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর এই অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রে লাভরভ।
ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১, আহত ৬০
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে এবং আরও ৬০ জন আহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

শহরের একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে যে, আজ সকালে ইসরায়েল স্কুলটিতে ‘সরাসরি হামলা’ চালিয়েছে।
তিনি বলেন, ‘হামলার সময় ওই স্কুল ভবনে ১৭০ জন শিক্ষার্থী ছিল, তাই উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’
ইসরায়েলে স্কুল বন্ধ, সারা দেশে জরুরি অবস্থা
ইসরায়েল সরকার সমস্ত জনসমাগম নিষিদ্ধ করেছে। স্কুল ও অনেক কর্মস্থল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালের রোগীদের সুরক্ষিত পাঠানো হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে জনগণকে সতর্ক করেছেন।

নিরাপত্তা ও জরুরি পরিষেবা দেওয়া যানবাহনগুলো যাতে অবাধে চলাচল করতে পারে, সে জন্য পুলিশ সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
ইরানে ইসরায়েলি হামলায় আরও ২ শিক্ষার্থী নিহত
ইরানে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
এর আগে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত হয়েছে।
ইরানে হামলার লক্ষ্য ‘অস্তিত্বগত হুমকি’ দূর করা: নেতানিয়াহু
বেনজামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার লক্ষ্য হলো একটি ‘অস্তিত্বগত হুমকি’ দূর করা।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইরানের সকল স্তরের জনগণের জন্য এখন সময় এসেছে… অত্যাচারের জোয়াল সরিয়ে ফেলার… এবং একটি স্বাধীন ও শান্তিপ্রিয় ইরান গড়ার।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমাদের যৌথ অভিযান সাহসী ইরানি জনগণের জন্য তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার পথ প্রশস্ত করবে।’
ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০
ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েল বিমান হামলা চালায়। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান রাশিয়ার
ইরানে মার্কিন ও ইসরায়েল হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, ‘পরিস্থিতি অবশ্যই রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ‘অদায়িত্বজ্ঞানহীন পদক্ষেপগুলোর’ দ্রুত বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা অঞ্চলে আরও অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, রাশিয়া আগের মতো আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
তেল আবিব ও বাহরাইনের ফ্লাইট বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ
ব্রিটিশ এয়ারওয়েজ আগামী ৩ মার্চ পর্যন্ত তেল আবিব এবং বাহরাইনের সব ফ্লাইট বাতিল করেছে।
এয়ারলাইনটি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অপারেশনাল সিদ্ধান্ত অনুযায়ী ৩ মার্চ পর্যন্ত তেল আবিব ও বাহরাইনের ফ্লাইটগুলো বাতিল করেছি। একই সঙ্গে আজকের জন্য আম্মানে পরিষেবাটিও বাতিল করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিরাপত্তা সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা গ্রাহকদের ভ্রমণের বিকল্প ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দিতে তাদের সঙ্গে যোগাযোগ করছি।’
ইরানে বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত ৫
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ওই হামলায় পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে।
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না: যুক্তরাজ্য
যুক্তরাজ্য আবারও জোর দিয়ে বলেছে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।
ইরানের পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করল ইউক্রেন
ইরানে চলমান সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য দেশটির সরকারকে দায়ী করেছে ইউক্রেন।
এক বিবৃতিতে কিয়েভ জানিয়েছে, তারা ইরানি জনগণের পাশে রয়েছে এবং দেশটিতে সরকার পরিবর্তনের আহ্বান পুনর্ব্যক্ত করছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বর্তমান পরিস্থিতির মূল কারণ হলো ইরানি শাসনামলের সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতি।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক মাসগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড ও দমন-পীড়ন পরিস্থিতিকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে।
উত্তর ইসরায়েলে বহুতল ভবনে হামলা, আহত ১
উত্তর ইসরায়েলে একটি নয়তলা ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। ইসরায়েলের চ্যানেল ১২ ব্রডকাস্টার জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের গোলার টুকরোর আঘাতে তিনি আহত হন।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বিস্ফোরণের কারণে তিনি আহত হয়েছেন।
হামলায় ভবনটির একটি অ্যাপার্টমেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমডিএ আরও জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের আরও বেশ কয়েকটি স্থান পর্যবেক্ষণ করছে যেখানে হামলার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তি ছাড়া আর কারও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।
এয়ার ইন্ডিয়ার মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ওই অঞ্চলে নিজেদের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
বিমান সংস্থাটি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরাকে বিমান হামলায় ২ যোদ্ধা নিহত
ইরাকের বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় এক বিমান হামলায় অন্তত দুজন হাশদ আল-শাবি যোদ্ধা নিহত হয়েছেন।
পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) বা হাশদ আল-শাবির একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
পিএমএফ মূলত ইরাকের শিয়া আধা-সামরিক গোষ্ঠীগুলোর একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যার মধ্যে বেশ কয়েকটি গোষ্ঠী ইরানের সঙ্গে মিত্রতা বজায় রাখে।
বাহরাইনের হামলা ‘বিশ্বাসঘাতকতামূলক’: সরকারের নিন্দা
বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে চালানো হামলাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ বলে অভিহিত করেছে বাহরাইন। দেশটির সরকার নিশ্চিত করেছে যে, এসব আক্রমণ রাজ্যের সার্বভৌমত্ব ও নিরাপত্তার চরম লঙ্ঘন।
কাতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, বাহরাইন এই হামলাকে তাদের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে।
দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি বাহরাইনের সার্বভৌমত্বের ওপর একটি নগ্ন হস্তক্ষেপ।’
সিরিয়ার আকাশসীমা আংশিক বন্ধ ঘোষণা
সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আকাশসীমার একটি অংশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে।
কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের দক্ষিণ দিকের আকাশপথ বন্ধ থাকবে। মূলত নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত, নিহত ১
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে ‘জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।
এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, এই উত্তেজনাকর পরিস্থিতির উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার আমাদের রয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘বর্বর বিমান হামলা’: ইরানের নিন্দা
ইরানকে লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে একটি ‘বর্বর বিমান অভিযান’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, যখন আলোচনার প্রক্রিয়া চলছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘শত্রুরা কল্পনা করছে যে এই ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে তারা অকুতোভয় ইরানি জাতিকে তাদের তুচ্ছ দাবির কাছে নতি স্বীকার করাতে বাধ্য করবে।’
বিভিন্ন গন্তব্যে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং তেহরানের পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। আল-জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ পরিস্থিতিতে তুরস্কের বেসরকারি বিমান পরিবহন সংস্থা টার্কিশ এয়ারলাইনস তাদের কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানগামী সব ফ্লাইট বাতিল করেছে।
আবুধাবি ও দুবাইয়ে নতুন বিস্ফোরণ: আকাশসীমা বন্ধ ঘোষণা
সংযুক্ত আরব আমিরাতের দুই প্রধান শহর আবুধাবি এবং দুবাইয়ে আবারও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে আবুধাবিতে হওয়া একটি হামলার রেশ কাটতে না কাটতেই এই নতুন বিস্ফোরণগুলো ঘটল।
নিরাপত্তা নিশ্চিত করতে আবুধাবির আকাশসীমা ইতোমধ্যেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।
রিয়াদেও বিস্ফোরণের শব্দ, সৌদি আরবে ছড়িয়ে পড়ছে সংঘাত
সৌদি আরবের রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান উত্তেজনার ধারাবাহিকতায় রিয়াদেও এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে সংঘাতের প্রভাবের খবর পাওয়া গেছে। সর্বশেষ সৌদি আরবেও।
রিয়াদে বিস্ফোরণের উৎস বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
ইরানের উরমিয়ায় শক্তিশালী বিস্ফোরণ
পশ্চিম ইরানের উরমিয়া শহরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী ওই অঞ্চলে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পরপরই এই বিস্ফোরণগুলো ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র একটি জরুরি সতর্কতা জারি করেছেন। সেখানে ইরানের সামরিক স্থাপনার আশেপাশে বসবাসরত সকল বাসিন্দাকে অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা উরমিয়ার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করেছে। পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত এবং বিস্তারিত ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
বাহরাইনের মানামায় একটি নতুন এবং বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর এই বিস্ফোরণ ঘটে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান এই পাল্টা আক্রমণ চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।
দোহায় বিকট শব্দ: ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ঠেকাল কাতার
কাতারের দোহায় বেশ কিছু বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা সবকটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে আকাশপথে প্রতিহত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, কাতার লক্ষ্য করে আসা প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূখণ্ডে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ‘পূর্ব-অনুমোদিত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী হুমকি শনাক্ত করার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, সবকটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে আটকে দেওয়ায় দেশের অভ্যন্তরে কোনো আঘাত আসেনি। বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আকাশপথে হামলা রুখে দিল কাতার, সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ভূখণ্ড লক্ষ্য করে চালানো বেশ কিছু হামলা তারা সফলভাবে প্রতিহত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে সবকটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে রুখে দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘হুমকি শনাক্ত করার পরপরই পূর্ব-অনুমোদিত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, কোনো ক্ষেপণাস্ত্র কাতারের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারেনি; তার আগে সেগুলোকে আকাশপথে ধ্বংস করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে কাতার তাদের সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই হুমকি মোকাবিলা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
কাতারে বিস্ফোরণ
কাতারের রাজধানী দোহায় কিছুক্ষণ আগে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার কথা বলার পর এই বিস্ফোরণের শব্দ পাওয়া গেল।
উপসাগরীয় অঞ্চলে আকাশসীমা বন্ধ ঘোষণা
বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।
ইরান-ইসরায়েল চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরব আমিরাত, কুয়েতেও বিস্ফোরণ
কুয়েতে ভারী বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরা। এরইমধ্যে দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরটিতে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে এই বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা চলছে।
এবার বাহরাইনে বিস্ফোরণ
ইরান-ইসরায়েল চলমান পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেই বাহরাইনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, মানামাসহ দেশটির বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জুফাইর এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। এই এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।
দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ৫ম ফ্লিটের সদর দপ্তরকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য করা হয়েছে।তবে ধোঁয়ার উৎস বা বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে, ইরানে ইসরায়েলি হামলার জেরে জরুরি সতর্কতা জারি করেছিল বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় দেশটির নাগরিকদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ারও আহ্বান জানানো হয়।
কাতারে ভূপাতিত ইরানি ক্ষেপণাস্ত্র
কাতারের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। অন্য দেশে হামলায় কাতারের আকাশসীমা ব্যবহার করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তারা।
দেশটির নিরাপত্তা সংস্থাগুলোও ইরান-ইসরায়েল যুদ্ধপরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
কাতারের নাগরিকদের মোবাইল ফোনে এক জরুরি সতর্কবার্তায় সবাইকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বার্তায় বলা হয়, ‘আপনারা বাসায় থাকুন বা অন্য কোথাও- ঘরের ভেতরে অবস্থান করুন। বিশেষ করে সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা থেকে দূরে থাকুন।’
সবাইকে শান্ত থাকার নির্দেশ ইরানের
যুদ্ধপরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে- ‘অপরাধী ও শত্রুরা আবারও সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং চলমান আলোচনার মধ্যেই আমাদের প্রিয় মাতৃভূমিতে হামলা চালিয়েছে।’
দেশজুড়ে গভর্নরদের যুদ্ধপরিস্থিতিতে কর্তব্য মনে করিয়ে দিয়ে প্রদেশগুলোর পরিস্থিতি সম্পর্কে দ্রুত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণের জরুরি প্রয়োজন মেটাতে সব ধরনের সুযোগ-সুবিধা ও সক্ষমতা দ্রুত কাজে লাগানোরও নির্দেশ দিয়েছে ইরান।
সম্পূর্ণ ইন্টারনেট ব্লকআউটের দোরগোড়ায় ইরান

ইরান বর্তমানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি বলেছে, নেটওয়ার্ক তথ্য অনুযায়ী, ইরানে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ ৪ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দেশজুড়ে প্রায় পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করছে।
আধাঘণ্টা আগেও ইরানে প্রায় ৫৪ শতাংশ ইন্টারনেট সংযোগ অব্যাহত ছিল।
কাতারের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে প্রতিবেশী কাতারের পরিস্থিতি ‘স্থিতিশীল ও নিরাপদ’ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দেশের নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে ইরান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যেন জননিরাপত্তা নিশ্চিত থাকে এবং নাগরিক, প্রবাসী ও বিদেশিদের সুরক্ষা বজায় থাকে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কোনো ধরনের বিঘ্ন ছাড়াই দেশের সব ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ইরানে ফের বিস্ফোরণ
ইরানে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ। খবরে বলা হয়, তেহরানে ‘দুই বা তার বেশি’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইলাম শহরের পশ্চিম ও দক্ষিণাঞ্চলেও নতুন করে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
অস্তিত্বের হুমকি এড়াতেই ইরানে হামলা: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘অস্তিত্বের হুমকি’ দূর করাই ইরানের ওপর হামলার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই ‘যৌথ পদক্ষেপ’ সাহসী ইরানি জনগণকে নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে তুলে নিতে সাহায্য করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ঐতিহাসিক নেতৃত্বেরও’ প্রশংসা করেন তিনি।
ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিঘ্ন

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার ঘটনায় ইরানজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। বর্তমানে সংযোগ স্বাভাবিক অবস্থার তুলনায় প্রায় ৫৪ শতাংশে নেমে এসেছে।
কাতার দূতাবাসের কর্মীদের ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের কাতারের দূতাবাসের সব কর্মীদের ‘শেল্টার-ইন-প্লেস’ (নিজ নিজ জায়গায় অবস্থা) নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে সব মার্কিন নাগরিককে একইভাবে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের এক্স পোস্টে বলা হয়, ‘হামলা থেকে নিরাপদ অবস্থান গ্রহণ করতে হবে। এটি হতে পারে আপনার নিজস্ব বাসা বা অন্য কোনো সুরক্ষিত ভবন। প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র সঙ্গে রাখতে হবে।’
কর্মকর্তাদের জনসভা বা প্রতিবাদ থেকে দূরে থাকার পাশাপাশি নিরব থাকার এবং চারপাশ সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর পর্যবেক্ষণ এবং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা সমন্বয় করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়, ‘ফোন চার্জ রাখার পাশাপাশি পরিবারের ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি, যাতে আপনার অবস্থান সম্পর্কে তারা অবগত থাকে। জরুরি সেবার জন্য কাতারে ফোন করুন ৯৯৯ নম্বরে।’
এছাড়া কাতারের নিরাপত্তা সংক্রান্ত সবশেষ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নাম লেখাতে বলা হয়েছে।
ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু

ইসরায়েলে পালটা হামলা শুরু করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছে।
এরইমধ্যে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাইরেন বাজানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি নিরসন ও পাল্টা আঘাত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’
তারা আরও জানিয়েছে, ‘এই মুহুর্তে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সুরক্ষিত নয়, তাই জনগণকে অবশ্যই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা (ঘরে থাকার) মেনে চলা জরুরি।’
সুরক্ষিত আছেন ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েলের হামলা থেকে সুরক্ষিত আছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ তথ্যটি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বরাতে তারা জানায়, ‘হামলার পরও প্রেসিডেন্ট নিরাপদ আছেন এবং তার কোনো ধরনের ক্ষতি হয়নি।’
ইরানের যেসব স্থাপনা লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনী তেহরানে সরকারি ও সামরিক সংস্থাগুলোকে হামলার মূল লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে হামলার প্রথম কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এরপর একে একে আঘাত হানা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণাল ও পারচিনের সামরিক কমপ্লেক্সে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (অ্যাটোমিক এনার্জি অরগানাইজেশন) লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইরানের একজন সরকারী কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইরান শিগগিরই পাল্টা এবং খুব শক্তিশালী জবাব দেবে। এরইমধ্যে পাল্টা হামলার প্রস্তুতি চলছে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
ইরানে যুক্তরাষ্ট্রের ‘বড় অভিযান’ চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে। ইরানে শনিবার সকালে ইসরায়েলের হামলার পর এক বক্তব্যে তিনি বলেন, ‘অল্প সময় আগে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে বড় পরিসরের অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য হলো- আসন্ন হুমকি নির্মূল করে যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করা।’
তার দাবি, ইরানের শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোর জন্য হুমকি তৈরি করছে।
ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তারা যে ধরনের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, সেগুলো যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর জন্য সরাসরি হুমকি।’
মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে এবং ক্ষেপণাস্ত্র শিল্প পুরোপুরি গুঁড়িয়ে দেবে। ইরানের নৌবাহিনীও সম্পূর্ণ ধ্বংস করা হবে।’
ইসরায়েলে আকাশসীমার পর বন্ধ স্কুল ও কর্মস্থল
দেশজুড়ে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনী স্কুল ও কর্মস্থল বন্ধের ঘোষণা দিয়েছে। তবে জরুরি ও অপরিহার্য খাতগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। এর আগে ইরানে হামলার পরপরই আকাশসীমায় সাধারণ বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে নেতানিয়াহুর সরকার।
দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষও জনগণকে কোনো বিমানবন্দর কিংবা আশপাশের এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে।
হামলার তারিখ ঠিক হয়েছে কয়েক সপ্তাহ আগে

একজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানটি ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছে এবং হামলা শুরুর তারিখও কয়েক সপ্তাহ আগেই নির্ধারণ করা হয়।
ইরানে নেই আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই বলে জানিয়েছে তেহরানের কর্মকর্তারা। রয়টার্সের খবরে বলা হয়েছে, এরই মধ্যে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইরানে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চলমান রয়েছে। অর্থাৎ তেহরানে ইসরায়েলের হামলা মূলত যুক্তরাষ্ট্রের ইশারাতেই হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে সংবাদমাধ্যমটি।
ইরানে ইসরায়েলের হামলা, তেলআবিবের আকাশসীমা বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় এ হামলা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ওই এলাকায় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।
বার্তাসংস্থা এপির খবরে বলা হয়, আয়াতুল্লাহ খামেনি (৮৬) ওই সময় তার কার্যালয়ে উপস্থিত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তাকে কয়েক দিন ধরে জনসমক্ষে দেখা যায়নি।
একই সময় তেহরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা হয়েছে। হামলার পর প্রকাশিত বিভিন্ন ভিডিওতে শহরের কেন্দ্রস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, মধ্যপ্রাচ্যে ‘হুমকি দূর করার উদ্দেশ্যে’ এই হামলা চালানো হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এদিকে ইরানে হামলার পরপরই ইসরায়েলজুড়েও ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জনগণকে প্রস্তুত রাখতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী তেলআবিব, আশদোদ বন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের আকাশসীমা।
ইরানকে পারমাণবিক অস্ত্র বিষয়ে চুক্তিতে চাপ দিতে কয়েকসপ্তাহ ধরেই হামলার হুমকি দিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী দুটি যুদ্ধজাহাজও মোতায়েন করে ওয়াশিংটন। তবে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।


