একটি শেয়ালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রায় ২৬ মিনিট আটকে ছিল ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় রানওয়ের ওপর দৌড়ে আসতে থকে একটি শেয়াল। পরে পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে গিয়ে প্রাণীটিকে তাড়া করে রানওয়ে থেকে সরিয়ে দেয়।
পরে রানওয়ে খালি হওয়ার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকার পথে উড়ে যায় বলেও জানান তিনি।
ইব্রাহিম খলিল আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরীক্ষা করা হয়। তবে রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে মাঝে বন্য শেয়াল, সাপ বা কুকুর ঢুকে পড়ে। তখনই তা সরিয়ে রানওয়ে নিরাপদ করা হয়।


