আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কুমিল্লার সাবেক সিটি মেয়র বিএনপির বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু। সোমবার তিনি জানিয়েছেন, কুমিল্লা-৬ আসনে মনোনয়নপত্র কিনে তিনি ভুল করেছেন। কারণ তিনি সংসদ নির্বাচন করবেন না।
অবশ্য নির্বাচন না করার জন্য শর্ত দিয়ে রেখেছেন সাক্কু। বিএনপি যদি এই আসনে তাদের মনোনয়ন বদল করে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেয়, তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। কারণ হাজী ইয়াছিনের উপর ক্ষোভ থেকেই সাক্কু মনোনয়নপত্র কিনেছেন।
সোমবার নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেছেন মনিরুল হক সাক্কু।
কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাবেক সিটি মেয়র সাক্কু তার পক্ষেই কাজ করছিলেন। তবে সাক্কু জানান, গত কিছুদিন ধরে প্রচার চলছে এই আসনের মনোনয়ন বদল করে হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়া হবে। যদি সত্যি মনোনয়ন বদল হয়, তবে স্বতন্ত্র প্রার্থী হবেন সাক্কু।
তিনি জানান, হাজী ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তখন তিনি সাক্কুর সকল কিছুতে বিরোধিতা করেছেন। এমনকি সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে হারানোর জন্য প্রার্থী দাঁড় করিয়েছিলেন হাজী ইয়াছিন।
দল থেকে বহিস্কার হলেও নিজেকে বিএনপির নিবেদিত প্রাণ কর্মী বলে দাবি করেন মনিরুল হক সাক্কু। তিনি জানান, দলের মনোনীত মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কাজ করে যাবেন।


