ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উঠে গিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে।
রোববার বিকালে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে আটকা পড়ে।
পরে স্থানীয় বাসিন্দা ও অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন ও শিক্ষার্থীরা বাস ও চালককে আটকে রাখেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


