রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ী ও ডেমরায় দুর্ঘটনা দুটি ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসাইন জানান, শনিবার দিবাগত রাত ১১টার দিকে যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের রাস্তায় একটি ট্রাক আনুমানিক ১৩ বছর বয়সী এক শিশুকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত ওই শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, সে পথশিশু। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ব্রিজের ওপরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০)। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে স্টাফ রিপোর্টার ব্রিজের ওপরে দ্রুতগতির একটি লেগুনা পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ওই অটোরিকশাটি আবার একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


