সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে নগরের আম্বরখানায় বাসদের কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে সুমনকে আটক করে মহানগরের জালালাবাদ থানা পুলিশ ।
বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নগরের চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত “ভুখা মিছিল” কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার রাতে পুলিশ এ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচি স্থগিত করি।’
‘কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিল। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করা হয় এবং ২২ জন নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে যায়’ বলেও জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা নগরে কর্মসূচি করতে চেয়েছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মূলত নগরীতে রিকশা চালকদের আন্দোলনের নামে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। এমনকি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) গেট ও সিএনজি- অটোরিকশা ভাঙচুরের ঘটনায় সুমনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। দ্রুত বিচার আইনে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে। পরে পুলিশ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে বলেও জানান তিনি।


