চট্টগ্রামে বেশ জনপ্রিয়তা পেয়েছিল মাল্টিপ্লেক্স ‘সিলভার স্ক্রিন’। ২০১৮ সালে চালু হওয়া সিনেমা হলটি ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। চলচ্চিত্রপ্রেমীরা আশায় ছিলেন কবে হলটি আবার চালু হবে। তাদের জন্য সুখবর হচ্ছে আবার চালু হচ্ছে হলটি। তবে এটি এখন পরিচালনা করবে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। তাদের নামেই ব্র্যান্ডিং হবে হলটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানায়, চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত সিনেমা হলটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হতে যাচ্ছে। ৭২ ও ১৬ আসনের দু’টি হল সম্বলিত এই মাল্টিপ্লেক্সটি অধিগ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স। এখন থেকে এটি স্টার সিনেপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এবারের ঈদেই স্টার সিনেপ্লেক্স হিসেবে এর যাত্রা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে স্টার কর্তৃপক্ষ। এটি হবে চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা। ২০২২ সালে চট্টগ্রামের চকবাজারের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে চালু হয় স্টার সিনেপ্লেক্স।
নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধার কারণে সিনেমাপ্রেমী মানুষদের কাছে প্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এই ঈদুল ফিতরেই ঢাকার পাশ্ববর্তী নারায়নগঞ্জে চালু হচ্ছে নতুন একটি শাখা।
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর ১ নম্বরে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে শাখা নির্মাণের কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
এই বছরের মধ্যে আরও কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্সকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ।


