ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ প্রকল্প খুব শিগগিরই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করবে পানিসম্পদ মন্ত্রণালয়।
বুধবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিএনডি বাঁধ সংক্রান্ত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ছিল এবং এখনও এই সমস্যা অনেকাংশে রয়ে গেছে। ২০১৬ সালে এ সংক্রান্ত একটি প্রকল্প শুরু হয়ে ২০২৪ সালে শেষ হলেও সাধারণ মানুষ এর সুফল খুব একটা পাচ্ছে না।
জলাবদ্ধতার স্থায়ী সমাধান ও বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিস্তারিত আলোচনার পর প্রকল্পটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
তিনি আরও জানান, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়নে নতুন করে আরও ৩০ কিলোমিটারের একটি প্রকল্প গ্রহণ করা হবে, যা খুব শিগগিরই শুরু হবে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং স্থানীয় সরকার সচিব শহিদুল হাসান উপস্থিত ছিলেন।


