রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি বাসা থেকে রাবেয়া (২০) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই রাবেয়ার স্বামী আশিকুর জামান মুন্না পলাতক রয়েছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, রাবেয়াকে হত্যা করা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অভিযুক্ত মুন্নাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহতের মা জানান, গত পাঁচ দিন ধরে তিনি মেয়ের মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলেন। মঙ্গলবার সকালে মেয়ের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মাত্র ছয় মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মিরপুরের বাসিন্দা মুন্নার সঙ্গে কিশোরগঞ্জের রাবেয়ার বিয়ে হয়েছিল।
বাড়ির মালিক জানান, গত শনিবার রাতে খাবার আনার কথা বলে বাসা থেকে বের হন মুন্না। পরবর্তীতে বাসা ভাড়ার জন্য তাকে কল করা হলে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ইতোমধ্যে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।


