ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ন্যাটো সরাসরি সহায়তা করেছে বলে অভিযোগ তেহরানের। ন্যাটো মহাসচিব মার্ক রুট ইউরোপীয় মিত্রদের সহায়তার কথা প্রকাশ্যে স্বীকার করার পর এ প্রতিক্রিয়া জানায় ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘেই এর দাবি, এ সংঘাতে জড়িত ন্যাটো ও সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোকে তাদের কর্মকাণ্ডের সব পরিণতির জন্য জবাবদিহি করতে হবে।
বাঘেই বিশেষভাবে ইতালি এবং রোমানিয়ার নাম উল্লেখ করে বলেন, এসব দেশকে ব্যাখ্যা করতে হবে কেন তারা এই অভিযানে সহযোগিতা করেছে।
এর আগে মার্ক রুট মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে ইতালির ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে প্রায় ৫০০টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে।
তিনি আরও জানান, রোমানিয়ার রাজধানী বুখারেস্টের বিমানবন্দরগুলো অপারেশনে ব্যবহৃত ট্যাংকার বিমানের সহায়তায় নিয়োজিত থাকায় কর্তৃপক্ষ কিছু বাণিজ্যিক ফ্লাইট সীমিত করেছিল।
ইরানের অভিযোগ নতুন করে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং তেহরানের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। তবে ন্যাটো এখন পর্যন্ত ইরানের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


