ঢাকার পল্লবীতে ২ সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের (এডিসি) ফারজিনা নাসরিন বৃহস্পতিবার জানান, ঢাকা মহানগর পুলিশের মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম আলমগীর জাহান বলেন, ‘বিহারী ক্যাম্পের ৩ নম্বর রোডের ওয়াপদা ক্যাম্পসংলগ্ন একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, স্বামী ঋণগ্রস্ত ছিলেন। দুই সন্তানকে হত্যা করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’
এদিকে একই পরিবারের চারজনের মরদেহ একসঙ্গে পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পল্লবী থানার ডিউটি অফিসার এসআই সোহান জানান, খবর পেয়ে এসআই ইব্রাহীম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেছেন।


