২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সহশিল্পী শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সেখানে তিনি সালমান শাহের মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
শাবনূর বলেন, ‘বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই শুরুতে কিছু বলতে চাইনি। কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ–সংক্রান্ত মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার চালাচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’
অভিনেত্রী জানান, সালমান শাহ ছিলেন তার অত্যন্ত প্রিয় সহ–অভিনেতা।
‘আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিলেন জনপ্রিয়, শক্তিমান ও প্রতিভাবান অভিনেতা। তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্রজীবন বিকশিত ও উজ্জ্বল হয়েছে,’ বলেন শাবনূর।
সালমান শাহর অকাল মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে আঘাত করেছিল বলে জানান শাবনূর।
‘আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। এসব আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে,’ বলেন শাবনূর।
সালমান শাহর মৃত্যুর বিষয়ে শাবনূর বলেন, ‘সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যেই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়—এটাই আমার একান্ত দাবি।’
সালমান শাহর মা নীলা চৌধুরীর প্রতি সহমর্মিতা জানিয়ে শাবনূর বলেন, ‘সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের, তা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায়। আমি আন্টি ও তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।’


