পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে ১ হাজার ৫২৮ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার ঢাকা, বগুড়া, নোয়াখালী, রাজবাড়ী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চালানো এসব অভিযানে অন্তত ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযান, জব্দ মালামাল ও জরিমানার কথা জানানো হয়।
সেখানে বলা হয়, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় বগুড়া, শরীয়তপুর ও ঢাকা মহানগরের চকবাজার, ইমামগঞ্জ, ছোট কাটরাঘাট ও সোয়ারিঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে তিনটি মোবাইল কোর্ট অভিযান চালায়। এতে অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে ১ হাজার ৫২৮ কেজি পলিথিন জব্দ করা হয়।
পাশাপাশি জনগণকে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুসারে নোয়াখালী, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলায় তিনটি মোবাইল কোর্টে পাঁচটি মামলা হয়েছে। যেখানে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে মানিকগঞ্জ ও ঢাকার গুলশান এলাকায় দুটি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯টি মামলার মাধ্যমে সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঢাকার হাতিরপুল ও ধানমন্ডি এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুটি মামলা করে। এসব মামলার অভিযুক্তদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে শরীয়তপুর জেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসারে নারায়ণগঞ্জ জেলায় পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে অবৈধভাবে পরিচালিত একটি প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনগণের স্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


