সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।
শুক্রবার দুপুর ১২টায় নব্বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও সেই সময়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমানের নেতৃত্বে শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ করে পুস্পস্তবক অর্পণ করেন নেতারা।
এই সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, খন্দকার লুৎফর রহমান, নাজমুল হক প্রধান, মীর সরাফত আলী সপু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আমান তার বক্তব্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে, প্রহসনের বিচারে তাকে জেলে পাঠিয়েছে, জেলে ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি। তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার অপচেষ্টা করা হয়েছিল। সেই দায় আওয়ামী লীগ ও শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না। অবশ্যই এর জবাব শেখ হাসিনাকে দিতে হবে।’
তিনি বলেন, ‘তার জানাজায় কোটি মানুষের উপস্থিতি প্রমাণ করে খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।’
খালেদা জিয়ার বড় ছেলে সম্পর্কে তিনি বলেন, ‘তারেক রহমানকে কীভাবে নির্যাতন করেছে তা আপনারা জানেন। তাকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। আজকে উনি দেশে ফিরেছেন। কী অভূতপূর্ব সাড়া জেগেছে জনগণের মধ্যে! জনগণ তাকে বরণ করেছে স্বতস্ফূর্তভাবে।’
গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। পরদিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। পরদিন থেকেই তার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন অনেকে।
খালেদা জিয়ার মত্যুতে বিএনপি ৭ দিনের শোক পালন করছে। দলের কার্যালয়গুলোয় দলীয় পতাকা অধনমিত এবং কালো পতাকা উত্তালন করা হয়েছে।


