পঞ্চগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে এনসিপি নেতা সারজিস আলমের হাতে নির্বাচনী প্রতীক শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম আসন্ন নির্বাচনে পঞ্চগড়-১ আসন (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে ১০ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার সকালে পঞ্চগড়ে ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের পাশাপাশি সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল্লাহ সুফিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সারজিস আলমের হাতে শাপলা কলি তুলে দিয়ে জামায়াত আমির বলেন, ‘পঞ্চগড়ের জন্য এটিই (শাপলা কলি) ১০ দলের প্রতীক। বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত কেউ হাল ছাড়বেন না।’
এর আগে, জনসভায় ১০ দলীয় জোটের পক্ষে স্লোগান দেন এনসিপি নেতা সারজিস আলম।
পরে পঞ্চগড়-২ আসনে (বোদা ও দেবীগঞ্জ) জামায়াত প্রার্থী শফিউল ইসলাম ওরফে সফিউল্লাহ সুফির হাতেও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন শফিকুর রহমান।
পঞ্চগড়ে ১০ দলীয় জোটকে জয়ী করতে সর্বাত্মক চেষ্টার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ন্যায় এবং ইনসাফের প্রতীক, সমতা এবং সাম্যের প্রতীক আমাদের প্রতিনিধির হাতে তুলে দিচ্ছি। এই দাঁড়িপাল্লা ১০ দলের প্রতীক।’
জামায়াত আমির তার ভাষণে বলেন, ‘আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাইবোনেরাই আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আগামীতে বেকার এবং দায়-দয়ামুক্ত বাংলাদেশ গড়তে চাই।’
জামায়াতে ইসলামী কখনো দেশের মানুষকে ফেলে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতেও আপনাদের ছেড়ে আমরা যাব না। জীবনে-মরণে একসঙ্গে লড়াই করবো।’


