সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম।
এদিন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরের আটটি মামলা এবং ঢাকায় দুদকের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন মোনালিসা ইসলাম। তিনি কারামুক্ত হওয়ার সময় নতুন করে এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এরপর তাকে রিমান্ডে নেওয়া হলো। এটি সম্পূর্ণ অযৌক্তিক ও ন্যায়বিচারের পরিপন্থী। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা হলো।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টার দিকে জুলাই আন্দোলনের সময় নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।
এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় মোনালিসা ইসলামকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।


