প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকদের নিরাপত্তার জন্য পুলিশের গানম্যান দিয়েছে সরকার। তাদের বাসাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা জানান, সভায় হাদি হত্যাকাণ্ড, সংবাদপত্র অফিসে হামলা, বিএনপি নেতা তারেক রহমানের প্রত্যাবর্তন, খ্রিস্টানদের বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আলোচনা হয়েছে।
সংবাদপত্রে হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ঘটনায় ১৭জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। পত্রিকা দুটির সম্পাদকদের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়াসহ আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহে পোশাকশ্রমিক দিপু দাসকে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনায় গ্রেপ্তার হয়েছে।
উপদেষ্টা জানান, সরকার ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এরইমধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।
বড়দিন ও থার্টি ফার্স্ট উদযাপনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটে কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা বন্ধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে গুলশান, বনানী সহ রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
উপদেষ্টা জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় আরও বেশি হারে সন্ত্রাসী ও দৃস্কৃতকারী গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।


