রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকা থেকে কাইয়ুম গ্রুপের চার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এসময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
সোমবার র্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (২৯), মো. সাঈদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৪৩), মো. শরিফ (৩০) ও মো. শাওন (৪০)।
র্যাব-২ জানায়, রোববার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন জহুরী মহল্লা এলাকায় কয়েকজন অস্ত্র কারবারি অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই দিন রাতে র্যাব-২-এর একটি দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, কাইয়ুম গ্রুপটি মোহাম্মদপুরের টিক্কা পাড়া, আজিজ মহল্লা ও সূচনা কমিউনিটি সেন্টারসংলগ্ন রিং রোড এলাকায় অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, মারামারি ও গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার রুবেল হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, দাঙ্গা, খুন ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে। এছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত আরও একটি মামলা রয়েছে।
অন্যদিকে সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি করে মামলা রয়েছে। আদাবর থানায় ভয়ভীতি প্রদর্শন, ডাকাতির প্রস্তুতি ও খুনের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত কার্যক্রমও চলছে বলে জানিয়েছে র্যাব-২।


