সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল কারাগারে

সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল কারাগারে
সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহারে হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি এ মামলায় আবদুল জলিলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে, সোমবার রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবশের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়া র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

আরও পড়ুন

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য রয়েছে। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করে।

এ মামলায় বর্তমানে আরও পাঁচ আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এ হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ মামলায় ২১ জনকে আসামি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad