সাবেক এমপি ফাহমী গোলন্দাজের স্থাবর সম্পদ জব্দের আদেশ

সাবেক এমপি ফাহমী গোলন্দাজের স্থাবর সম্পদ জব্দের আদেশ
ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বিলাসবহুল ফ্ল্যাটসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। তিনি ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেয়। দুদকের আবেদনে জানানো হয়, তদন্ত চলাকালে আসামি তার নামীয় স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

দুদক জানায়, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ঘুস ও দুর্নীতির মাধ্যমে ফাহমী গোলন্দাজ বাবেল তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ২০ কোটি ১১ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জন করেন।

পাশাপাশি তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ টাকা এবং ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়। এ অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা করা হয়।

আদালতের  যে স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে তার মধ্যে রয়েছে– ধানমন্ডি আবাসিক এলাকার রোড নম্বর ৫-এর একটি বহুতল ভবনের ৮ম তলায় অবস্থিত প্রায় ৩৪৩৪ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট এবং দুটি কার পার্কিং। ফ্ল্যাটটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৫৬ লাখ টাকা।

আদালতের ক্রোক আদেশ কার্যকরের জন্য জেলা রেজিস্ট্রার (ঢাকা ও ময়মনসিংহ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে আগেই আদালতে আবেদন করার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad