পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আরাধ্য গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্ত) এর ১০৭তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাঙ্গামাটি রাজবন বিহারসহ জেলার বিভিন্ন বিহারে পুণ্যার্থীদের ভক্তি শ্রদ্ধায় দিনটি পালিত হয়।

ভোর ৬টায় রাঙ্গামাটি রাজবন বিহারে বনভান্তের ১০৭তম জন্মোৎসব উপলক্ষে কেক কাটেন রাজবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
বৃহস্পতিবার নানা রংয়ের তৈরি তোরণ ও বেলুনে সাজানো হয় গোটা রাজবন বিহার এলাকা। পরে বৌদ্ধ পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, ত্রিপিটক পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বনভান্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ।
এর আগে, বুধবার রাত ১২টার পর বনভান্তের দেহধাতুতে (মৃতদেহ) ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৌদ্ধদের এ মহাসাধকের জন্ম ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদরের ১১৫ নম্বর মগবান মৌজার মোড়ঘোনা গ্রামে। তিনি মহামতি গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে ১৯৪৯ সালে গৃহত্যাগ করেছিলেন। পরে ২০১২ সালের ৩০ জানুয়ারি মহাপরিনির্বাণ লাভের মধ্য দিয়ে দেহত্যাগ করেন তিনি। জীবদ্দশায় আমরণ ছিলেন বনভান্তে।


