ঢাকা, মাগুরা ও যশোরে ১৫টি দলিলে থাকা জমি ও একটি প্লটসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
একই সঙ্গে তার নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৩০টি হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত উত্তম কুমার বিশ্বাস দুদকের প্রথম নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজের ও পরিবারের সদস্যদের নামে থাকা সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব থেকে অস্থাবর সম্পদ উত্তোলন করে ফেলেছেন। প্রাথমিক অনুসন্ধানে তার এবং তার স্ত্রীর নামে সম্পদ বিবরণীর আদেশ জারি করা হলে, তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের নামে দুটি ফ্ল্যাটসহ বেশ কয়েকটি জমি বিক্রি করে দেয়া হয়েছে।
উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের দাখিলকৃত সম্পদ বিবরণী ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনায় তাদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।
এসব সম্পত্তি অবিলম্বে জব্দ/অবরুদ্ধ না করা হলে সেগুলো বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ আদেশ দেয়া প্রয়োজন ছিল।
জানা গেছে, উত্তম কুমার বিশ্বাস মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ফলসিয়া গ্রামের অমরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।


