বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই দেশ ফিরে নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এমএ সালাম।
সোমবার দুপুরে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।
সালাম বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার এবং তার নিরাপত্তার বিষয়টি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ দেখছেন। এ নিয়ে সরকারের সাথেও আলোচনা হচ্ছে।’
তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে মেন্ডেট দিলে তারেক রহমানই দেশের দায়িত্ব নেবেন।’
বিএনপি নেতা বলেন, ‘একটি দল পিআর পদ্ধতিতে (সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচনের যে দাবি করছে, তা এদেশের সাথে মানানসই নয়। পিআর সম্পর্কে এদেশের মানুষের ধারণাই নেই। তাই অযথা পিআর দাবি সাধারণ মানুষ গ্রহণ করবে না।’
‘আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামী বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক দেশ। যেখানে সাধারণ মানুষ তাদের আশা আকাংঙার প্রতিফলন দেখতে পারবেন,’ বলেন তিনি।
আশাপ্রকাশ করে এমএ সালাম বলেন, সিলেট-৩ আসনের মাটি ও মানুষের সাথে তার যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে সেই হিসাবে তিনি এই আসনে দলের মনোনয়ন পাবেন।
এরআগে ২ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাইমস অব বাংলাদেশকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা আশা করি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। বিগত সরকারের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলনে শরীক ছিল, আমাদের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে। আমরা শরীকদের নিয়ে জাতীয় সরকার গঠন করব।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ আসতে পারেন, তা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে আসবেন বলে আশা করি।’


