সাতক্ষীরায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার শ্যামনগর উপজেলার নওবেকি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের সাজা নিশ্চিত করা হয়।
এসময় আটক একজনকে কারাদণ্ড এবং বাকি চারজনকে নগদ অর্থ জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন- নজরুল ইসলাম (৫৭), সজীব শেখ (২২), মো. ইব্রাহিম গাজী (২৫), মো. আক্তারুল গাজী (৩৩) ও আব্দুল্লাহ আল মামুন (২৪)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোলপেটুয়া নদীর নওবেকী পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়।
অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আশাশুনি ও পাইকগাছা উপজেলার পাঁচ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক মো. আক্তারুল গাজীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপরাধের দায় স্বীকার করায় বাকি চারজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সরকারি সম্পদ রক্ষা এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং নিয়মিত অভিযান চলবে।’


