রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
নিহতরা হলেন, ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তারা ডেমরা থানার চিটাগাং রোড এলাকায় থাকতেন।
নিহতদের বন্ধু তাওসিফ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে ইরাম ও অপু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার ভোরে চিকিৎসক প্রথমে অপু, পরে ইরামকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার পরিদর্শক রুবেল জানান, মরদেহ দুইটি ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পরপরই গাড়িটি আটক করেছে পুলিশ, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।


