মেধার কোনো ভিসা লাগে না, মেধাবীরা পৃথিবীর সর্বত্র যেতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, যারা বিদেশে গিয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে, দেশকে গড়তে হবে, এই মানবসম্পদের উন্নয়ন করতে হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগামে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ থেকে ব্রেইন ড্রেন হয়ে যেত। আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গেলে আর আসত না। আজকের এই প্রেক্ষাপটে আমাদের প্রয়োজন রয়েছে “রিভার্স ব্রেইন ড্রেন”। যারা বিদেশে গিয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে, দেশকে গড়তে হবে, এই মানবসম্পদের উন্নয়ন করতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে মানবসম্পদের অভাব নেই। এই জনসংখ্যাকে যদি আমরা কর্মক্ষম জাতিতে পরিণত করতে পারি, হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে পারি, আমরা যদি আর্থ-সামাজিক উন্নয়নে এই জনগণকে সম্পৃক্ত করতে পারি তাহলে আমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেব। যেই সম্পদ পৃথিবীতে হারিয়ে যাচ্ছে, সেই মানবসম্পদ বাংলাদেশে বেড়েই চলছে।’
তিনি বলেন, ‘সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এই বছর জিডিপির ২ শতাংশ বাজেটে উন্নীত করা হয়েছে। যা গত বছরে ছিল মাত্র ৮৭ হাজার কোটি টাকা, এই বছর আমরা পেয়েছি ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন শিক্ষা খাতে বাজেট জিডিপির ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করবেন ‘
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় একটি সেন্টার অব এক্সিলেন্স হবে। এই বিশ্ববিদ্যালয়টি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে। আমাদের শিক্ষকরা আন্তর্জাতিক মানের শিক্ষক। তারা বাইরে থেকে পিএইচডি করে এসেছেন। আমার বিশ্বাস তারা ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি ইন্টারন্যাশনাল এবং কম্পিটিটিভ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারবেন। কিউএস র্যাংকিংয়ে অতি শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে ইনশাআল্লাহ।’


