বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং আকরবলী ঘাটের জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি আজুফা আকতার মানু নামের ফিশিং বোটটি বুধবার দুপুরে সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়ে।
এ সময় দস্যুদের গুলিতে শাহাদত হোছাইন খোকন নামের এক জেলে নিহত হন। শাহাদাত উত্তর ধুরুং ইউনিয়নের মনসুর আলী হাজীর পাড়ার মৃত মো. বাদশার ছেলে।
ট্রলার মালিক জসিম উদ্দিন জানান, তিন দিন আগে এফবি আজুফা আকতার মানু বোটটি নিয়ে ১৯ জন মাঝি নিয়ে সাগরে মাছ শিকারে যায়। বুধবার বিকালে একটা ট্রলিং থেকে তাকে ফোন করে জানানো হয়, তার বোট ডাকাতি হয়েছে এতে শাহাদাত গুলিবিদ্ধ হয়েছেন। পরে আরেকটি বোটে তাকে তীরে নিয়ে আসার পথে তিনি মারা যান।
কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, গত এক মাস ধরে সাগরে ডাকাতি বেড়ে গেছে। ডাকাতের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছে না।
বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানিয়েও কোন সমাধান মিলছে না বলে অভিযোগ করেন তিনি। সাগরে নিরাপদে মাছ শিকারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মৎস্যজীবীদের এই নেতা।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, নিহত জেলের মরদেহ প্রথমে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


